শুভকে দিয়ে কিছুই হবে না, লম্বু-গাধা, ভদ্রতা জানে না: সোহান

বরেণ্য চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান। অসংখ্য ব্যবসাসফল সিনেমার নির্মাতা তিনি। যার হাত ধরে ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে ক্যারিয়ার শুরু হয় সালমান শাহর।

এই গুণী নির্মাতার সঙ্গে নাকি বেয়াদবি করেছেন আরিফিন শুভ। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের কাছে এমনটাই অভিযোগ তোলেন এই পরিচালক।

আরিফিন শুভকে নিয়ে ‘জেদী’ শিরোনামে এক সিনেমা নির্মাণ শুরু করছিলেন সোহান। কিন্তু মাঝপথে বন্ধ হয়ে যায় কাজ। যার কারণ ছিল পরিচালকের অসুস্থতা।

সোহানুর রহমান সোহান বলেন, ‘তাকে দিয়ে কিছুই হবে না। লম্বু-গাধা, ভদ্রতা জানে না। মানুষের সঙ্গে চলতে পারে না। একজন মানুষের সঙ্গে কীভাবে আচরণ করতে হয়, কীভাবে মিশতে হয় সে জ্ঞানটাই তার নেই।’

সোহান বলেন, “তার কারণে আমার একটি সিনেমা বন্ধ হয়েছে। প্রযোজকের মোটা টাকা ক্ষতি হয়েছে। ‘জেদি’ নামের একটি ছবিতে তাকে নিয়েছিলাম। ছবির কাজও চলছিল। কিন্তু আমার অসুস্থতার কারণে কাজ একসময় বন্ধ রাখি। সেসময় তাকে আমার অসুস্থতার কথা জানিয়েছিলাম। সে বলেছিল, ঠিক আছে অসুবিধা নাই।

এরপর আমি সুস্থ হয়ে ছবির কাজ শুরু করতে যাই। তার কাছে শিডিউল চাই। তখন সে আমাকে ঘোরাতে থাকে। বেশ কিছুদিন ঘুরিয়ে হঠাৎ আমাকে বলে, আপনাকে আর কী শিডিউল দেব? আপনার ছবির শুটিং তো শেষ। আমি তখন বলি শুটিং শেষ না, আমার অসুস্থতার কারণে কাজ বন্ধ ছিল। তখন সে আমার মুখের ওপর বলে বসল, আপনি অসুস্থ আমার কী! কথাটা শুনে আমি তাজ্জব হয়ে যাই।

চিন্তা করতে থাকি সে কাকে এ কথা বলল! আমি সোহানুর রহমান সোহানের হাত দিয়ে একাধিক স্টার তৈরি হয়েছে। সেই আমার সঙ্গে এই আচরণ করল! একটা লোক এসেছে, তাকে কিছু বলে দিলাম, আমাকে কি সেরকম মনে করল? আপনি চিন্তা করেন, সে কতবড় বেয়াদব!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *