শাকিবের জনপ্রিয়তা উপভোগ করেন তার বাবা

বাংলাদেশে একজন ‘কিং খান’ রয়েছেন। তিনি শাকিব খান। এক সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন তিনি। নৃত্যশিল্পী আজিজ রেজার হাত ধরে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন এই অভিনেতা। নৃত্যশিল্পী থেকে পার্শ্বচরিত্রের পরে দিনে দিনে হয়ে উঠেন দেশের শীর্ষ তারকা।

প্রায় দুই দশক ধরে ঢাকাই চলচ্চিত্রে দাপিয়ে বেড়াচ্ছেন এই সুপারস্টার। গ্ল্যামার আর অভিনয়-নৈপুণ্যে হয়ে উঠেছেন ‘ঢালিউড কিং’। একচেটিয়া দীর্ঘদিন ধরে ঢাকাই চলচ্চিত্রের এক নম্বর নায়কের তকমাটা দখলে রেখেছেন তিনি।

সুপারস্টার শাকিব খানের সিনেমা মুক্তি পেলেই নবান্নের উৎসব দেখা যায় তার অনুরাগীদের মাঝে। প্রিয় তারকার ছবি দেখতে প্রেক্ষাগৃহে মৌমাছির মতো ভিড় জমান শাকিবিয়ানরা।

প্রশ্ন জাগে, সন্তানের সিনেমা নিয়ে দেশবাসীর এই উন্মাদনা দেখে কেমন বোধ করেন তার মা-বাবা? এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে এ প্রশ্নের জবাব দিয়েছেন শাকিবের বাবা আবদুর রব। জানিয়েছেন, শাকিবের জনপ্রিয়তা তার ভালো লাগে।

ওই ভিডিওতে দেখা যায়, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন শাকিবের বাবা। এমন সময় এক ইউটিউবারের পাল্লায় পড়েন তিনি। ইউটিউবার বেশকিছু প্রশ্ন করেন শাকিবের বাবাকে। আপনি কি শাকিবের সিনেমা দেখেন— জানতে চাইলে শাকিবের বাবা বলেন, ‘না আমি দেখি না। আগে দেখতাম। হজ করে আসার পর টিভিই দেখি না।’

তবে সিনেমা না দেখলেও শাকিবের জনপ্রিয়তা উপভোগ করেন তার বাবা। এ কথা স্পষ্ট হয় তার এক উত্তরে। আপনার ছেলেকে ঘিরে দর্শকের এই উন্মাদনা কেমন লাগে— জানতে চাইলে তিনি বলেন, ‘ভালো লাগে।’

এ সময় শাকিবের দুই সন্তানের কথা তুললে তার বাবার কথায় নাতিদের জন্য স্নেহ ঝড়ে পড়ে। আপনার সঙ্গে কি শাকিবের ছেলেদের দেখা হয়— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা আমার নাতি। তাদের সঙ্গে আমার দেখা হবে না!’ এ সময় শাকিবের দুই ছেলের নামও বলেন তিনি।

শাকিব খান এই মুহূর্তে তার অসমাপ্ত সিনেমাগুলো সমাপ্ত করার মিশনে নেমেছেন। কিছুদিন আগে তার অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামক সিনেমাটি শেষ করেছেন। তপু খান নির্মিত এই ছবিতে তার বিপরীতে ছিলেন শবনম বুবলী।

এরপর হাত দিয়েছেন বদিউল আলম খোকন নির্মিতব্য ‘আগুন’ সিনেমায়। এতে তার বিপরীতে আছেন জাহারা মিতু। দুটি সিনেমাই নতুন বছরে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *