ব্রাজিল জিতলে রাজ ইউরোপে, আর্জেন্টিনা জিতলে পরীমণি যাবেন মেসির দেশে!

এই সময়ের তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি দুজনের মন এক সুতোয় বাঁধা থাকলেও চলমান বিশ্বকাপ ফুটবলে তারা দুজন সাপোর্ট করেন ভিন্ন দুটি দলকে। রাজের পছন্দের দল ব্রাজিল হলেও পরী পছন্দ করেন আর্জেন্টিনা।

নিজেদের পছন্দের দল জেতা নিয়ে পরষ্পরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন রাজ-পরী। শুক্রবার (০২ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের একটি হোটেলে আড্ডা দেওয়ার সময় এ কথা জানান রাজ-পরী দম্পতি।

রাজ বলেন, ব্রাজিল এবার ওয়ার্ল্ডকাপ নিলে পরীকে নিয়ে ইউরোপ ট্যুরে যাবো। মূলত বিয়ের পর আমাদের বিদেশ ট্যুর হয়নি। এছাড়া দীর্ঘদিন ধরে ভেবেছি ইউরোপ যাবো, সেই ইচ্ছেও পূরণ হবে। বেস্ট খেললে যে কোনো দল জিতবে। আমি মনে প্রাণে চাই ব্রাজিল বিশ্বকাপ নিক।

ব্রাজিল ওয়ার্ল্ডকাপ নিলে ব্রাজিলে না গিয়ে ইউরোপ কেন যাওয়ার ইচ্ছে? এ বিষয়ে জানতে চাইলে রাজ বলেন, ইচ্ছে ছিল ইউরোপেই যাবো। যদি না জেতে বাংলাদেশের যেকোনো স্থানে ঘুরতে যাবো।

পাশে পুত্রকে কোলে নিয়ে বসেছিলেন পরী। হাসি মুখে তিনি রাজকে ইঙ্গিত দিয়ে বলেন, আমার আর্জেন্টিনা ওয়ার্ল্ডকাপ নিলে তোমাকে (রাজ) নিয়ে আর্জেন্টিনাতেই যাবো।

শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্স শাখার উদ্বোধনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন রাজ-পরী। সেই সুবাদেই গণমাধ্যমের মুখোমুখি দু’জন।

যদিও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলাই এখনও শুরু হয়নি। এই ধাপের সঙ্গে পরবর্তী ধাপগুলো পেরিয়ে ব্রাজিল নাকি আর্জেন্টিনা কোন দল জয়ের উল্লাসে মাতবে, তা এখনও সম্পূর্ণ অনিশ্চিত। তবে যদি এমনটা ঘটে, তাহলে রাজ-পরী তাদের কথার বাস্তবায়ন করবেন, নাকি এটাকে স্রেফ বিশ্বকাপ উন্মাদনার সাময়িক মজার খাতায় রেখে দেবেন, সেটা সময়ই বলে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *