কোম্পানীগঞ্জ আ.লীগের সভাপতি হলেন কাদেরের ভাই মির্জা

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ত্রিবার্ষিক সম্মেলনের শেষ দিকে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সভাপতি করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জাকে, যিনি বসুরহাট পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছেন। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে।

২০১০ সালে সর্বশেষ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানকে সভাপতি ও নুর নবী চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জা কয়েক দফায় বসুরহাট পৌরসভার মেয়রের দায়িত্বে রয়েছেন। ওবায়দুল কাদেরের সংসদীয় আসনও এটি। বসুরহাট পৌরসভা নির্বাচনের সময় নিজ দল ও ভাই ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতাদের নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন তিনি।

মাঝে কিছুদিন অনেকটা আড়ালে চলে যান তিনি। কিন্তু কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে ফের আলোচনায় আসেন সেতুমন্ত্রীর ছোট ভাই মির্জা।

উপজেলা আওয়ামী লীগের এবারের নেতৃত্বে পরিবর্তন আসতে পারে বলে নেতাকর্মীদের কথায় ইঙ্গিত মিলেছিল। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কাদের মির্জা ও বাদলের নাম আলোচনায় ছিল বেশি। সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত এই দুজনের হাতেই কোম্পানীগঞ্জ উপজেলার নেতৃত্ব তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *