মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে সরকার বিরোধী বিক্ষোভ মিছিল থেকে আওয়ামীলীগের অফিসে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দিন (৬২)কে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
বুধবার গভীর রাতে উপজেলার সাহেব বাজার এলাকায় তার নিজস্ব বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় । এর আগে ঐ একই মামলার আসামী ও কালিয়াকৈর পৌরসভার কাউন্সিলর মোঃ সারোয়ার হোসেন আকুলকে গ্রেফতার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর সোমবার রাত সাড়ে নয়টার দিকে কালিয়াকৈর পৌরসভার কালামপুর এলাকা থেকে বিএনপির উদ্যোগে সরকার বিরোধী একটি বিক্ষোভ মিছিল চন্দ্রা এলাকায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এসে জমায়েত হয়।
এসময় বিক্ষোভ মিছিল থেকে আওয়ামীলীগের কার্যালয় লক্ষ করে ইটপাটকেল ও পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর থানার টহল পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ ও কয়েকটি তাজা ককটেল উদ্ধার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করে বলেন,এঘটনায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের কেয়ারটেকার মোঃ আব্দুল মান্নান শেখ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। ঐ মামলায় অভিযুক্ত ১নং আসামী উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন ও পৌরসভার কাউন্সিলর ও বিএনপি নেতা মোঃ সারোয়ার হোসেন আকুলকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
