আমাকে যারা চেনেন তারা জানেন আমি কাউকে অসম্মান করি না: মেসি

মেক্সিকোর বক্সার ক্যানেলো আলভারেজ লিওনেল মেসির বিরুদ্ধে তার দেশের জার্সি ও পতাকা অবমাননার অভিযোগ এনেছিলেন। তার দাবি, বিজয় উল্লাস করতে গিয়ে মেসি মেক্সিকোর জার্সি ও পতাকাকে অবমাননা করেছেন, ‘পায়ের টোকায়।’ সে নিয়ে বেশ জলঘোলাও হয়েছে।

গতরাতে পোল্যান্ডের কাছে ম্যাচ জয়ের পর জার্সি অবমাননার বিষয়ে লিওনেল মেসিকেও সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আর সেই প্রশ্নের উত্তরে মেসি সাফ বলেছেন, ক্ষমা তিনি চাইবেন না।

লিওনেল মেসি বলেন, ‘এটা ছিল ভুল বোঝাবুঝি। যারা আমাকে চেনেন তারা জানেন আমি কাউকে অসম্মান করি না। এটা ছিল সেই বিষয় যা ড্রেসিং রুমে ঘটেছিল সেদিন ম্যাচ শেষে। আমি ক্ষমা চাইতে পারি না কারণ আমি মেক্সিকোর জনগণ কিংবা তাদের জার্সিকে অসম্মান করিনি।’

এদিকে মেসিকে হুমকি দিয়ে দেশ ও দেশের বাইরের ফুটবলপ্রেমীদের রোষানলের মুখে পড়েন বক্সার ক্যানেলো। পরে নিজের ভুল বুঝতে পেরে এক টুইটে লিওনেল মেসির কাছে ক্ষমা চেয়েছেন ৩২ বছর বয়সী এই মেক্সিকান বক্সার।

এতে ক্যানেলো লিখেছেন, শেষ কয়েকটি দিন আমি আমার দেশের জন্য ভালোবাসা এবং আবেগ অনুভূত করেছিলাম এবং একটি মন্তব্য করেছিলাম, যা সবখানে ছড়িয়ে পড়ে। আমি আমার ভুলের জন্য মেসি এবং আর্জেন্টিনার কাছে ক্ষমা চাচ্ছি। প্রত্যেক দিনই আমরা নতুন কিছু শিখি। এবার আমিও নতুন কিছু শিখলাম।

পরে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছে, ‘ভিডিওতে যা দেখা গেছে, সেটি অস্বাভাবিক কিছুই নয়। ফুটবলের ড্রেসিং রুমে এমন হতেই পারে। তা ছাড়া মেসির ব্যাপারটি পুরোপুরি অনিচ্ছাকৃত।’

ঘটনাটা আর্জেন্টিনা–মেক্সিকো ম্যাচের পরে আর্জেন্টিনার ড্রেসিং রুমের। এক ভিডিওতে দেখা যায় সেখানকার মেঝেতে পড়ে আছে মেক্সিকান জাতীয় দলের একটি জার্সি। যেটি হয়তো ম্যাচের পর স্মারক হিসেবে পেয়েছিলেন আর্জেন্টিনার কোনো খেলোয়াড়। নিজেদের ব্যবহৃত জার্সির সঙ্গেই মেক্সিকান জার্সিটিও মেঝেতে রাখা হয়েছিল। দুর্ঘটনাবশত সেই জার্সি মেসির পায়ের নিচে পড়ে।

এই ভিডিও দেখেই খেপে যান মেক্সিকান বক্সার ক্যানালো আলভারেজ। মেসি মেক্সিকো জাতীয় দলের জার্সি দিয়ে আর্জেন্টাইন ড্রেসিং রুমের ‘মেঝে পরিষ্কার করেছেন’ বলে টুইটারে অভিযোগ তোলেন তিনি। এখানে থেমে গেলেও চলত, তিনি মেসিকে মারারও হুমকি দিয়ে বসেন। লেখেন, ‘ঈশ্বর না করুক, মেসি যেন আমার সামনে না পড়ে কখনো।’ সরাসরি মারার হুমকি না দিলেও আলভারেজের টুইটে প্রচ্ছন্নভাবে সেটি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *