কাতার বিশ্বকাপ ফুটবল আসর ইতোমধ্যে জমে উঠেছে। ফুটবলের বিশাল এই আয়োজন ঘিরে ভক্ত-সমর্থকরাও বেশ উচ্ছ্বসিত। বিশেষ করে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা দল নিয়ে উন্মাদনা একটু বেশি। দুই দলের সমর্থকের মধ্যে তর্ক-বিতর্ক লেগেই থাকে। এসব শুধু সাধারণ মানুষের মধ্যে না, তারকাদের মধ্যেও হয়ে থাকে। তবে শুধুই তা বিনোদনের উদ্দেশে।
এবার এই তালিকায় যোগ দিলেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। তিনি বলেন, ১৯৮৬ সাল থেকেই বিশ্বকাপ ফুটবল নিয়মিত দেখি। অভিনয়ের বাইরে আমার ভালোবাসার জায়গা খেলাধুলা। বিশেষ করে ফুটবলের অন্ধভক্ত আমি। আমার সব সময়ই পছন্দের দল ব্রাজিল।
তবে শুধু ব্রাজিলের খেলা দেখি না, অন্য দলের খেলাও দেখি। আমার পছন্দের খেলোয়াড় নেইমার ইনজুরিতে পড়ে যাওয়ায় ভীষণ মর্মাহত হয়েছি। এর সঙ্গে আনন্দিত হয়েছি প্রথম খেলাতে রিচার্লিসনের চমৎকার গোল দেয়ার দৃশ্য দেখে।
দ্বিতীয় খেলায়ও তারা সুইজারল্যান্ডকে হারিয়ে সেকেন্ড রাউন্ড নিশ্চিত করেছে। তবে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলের সমর্থকদের সবসময় মনে রাখতে হবে হার-জিত খেলারই একটা অংশ। কোনো অবস্থাতেই উত্তেজিত হওয়া চলবে না।
খেলা নিয়ে তরুণদের মাঝে একটু বেশি উত্তেজনা কাজ করে। হার-জিত নিয়ে উত্তেজিত হয়ে পড়ে। বিশ্বকাপ নিয়ে মাঝে মাঝে গণমাধ্যমে সমর্থকদের মাঝে দ্বন্দ্ব নিয়ে সংবাদ প্রকাশিত হয় যা কোনোভাবেই কাম্য নয়। জয় পরাজয় না থাকলে তো কোনো মজাই নেই খেলায়।
আমার স্ত্রীও ব্রাজিলের ভক্ত। ঠিক করেছি ফাইনাল খেলা বন্ধু-বান্ধব সবাইকে একসঙ্গে নিয়ে দেখবো। একসঙ্গে সবাই মিলে খেলা দেখার আনন্দ অন্যরকম। বন্ধু-বান্ধবদের মধ্যেই দুই দল নিয়ে মিষ্টি মধুর তর্ক-বিতর্ক হচ্ছে, যা সত্যি আনন্দের।
