আফরান নিশোর রূপালি জগতে শুরুটা মডেলিংয়ে। তারপর ছোট পর্দায় যাত্রা। সেখানে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। হালের ওটিটি প্ল্যাটফর্মে নজর কেড়েছেন। হয়েছেন আলোচিত। এমনকি তার ওয়েব সিরিজ হিন্দিতে ডাবিংও করা হয়েছে। কিন্তু বড় পর্দায় তার দেখা মেলেনি এতো বছরেও। বিভিন্ন সময় চলচ্চিত্রে অভিনয়ের বিষয়ে প্রশ্ন করলে বলতেন, “সময় এলেই সিনেমা করবেন।”
এবার অবশেষে বড় পর্দায় নাম লিখিয়েছেন এই অভিনেতা। “সুড়ঙ্গ” শিরোনামের একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন আফরান নিশো, যেটি পরিচালনা করছেন রায়হান রাফি। আর সিনেমায় নিশোর নায়িকা হচ্ছেন পরিচালকের প্রেমিকা তমা মির্জা।
সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই নিশোর প্রথম এই সিনেমার শুটিং শুরু হবে। এজন্য সাম্প্রতিক সময়ে অন্য কাজের সংখ্যা কমিয়েছেন তিনি।
গুঞ্জন আছে, চলচ্চিত্রের জন্য নিজেকে গড়ে তুলতেই আড়ালে এই অভিনেতা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে আলফা-আই ও চরকি।
নিশোর প্রথম ছবিতে যুক্ত হয়ে তমা মির্জা বলেন, অনেকের স্বপ্ন থাকে নিশো ভাইয়ের সাথে কাজ করার। সেই জায়গা থেকে তার সঙ্গে বড় পর্দায় কাজ করার এবং তার প্রথম ছবিতে স্ক্রিন শেয়ার করাটাকে আমি মনে করি অনেক বড় ব্লেসিংস। সবমিলিয়ে পুরো ব্যাপারটা একটা প্যাকেজ হতে যাচ্ছে। আমার বিশ্বাস সুড়ঙ্গ ছবিটি সবার জন্য একটি টার্নিং পয়েন্ট হবে।
নির্মাতা রায়হান রাফী বলেন, ‘সুড়ঙ্গ আমার আরেকটা বড় ও স্বপ্নের কাজ হতে যাচ্ছে। গল্পটি আমি বেশ আগেই ভেবেছিলাম। চরকিকে প্রথম থেকেই বলেছি যে এই গল্পটিকে বড়পর্দার জন্যই আমি বানাতে চাই। ধীরে ধীরে যুক্ত হলেন শাহরিয়ার শাকিল। নিশো ভাইকে বছরখানেক আগে গল্পটি শুনিয়েছিলাম। উনি পছন্দ করেছিলেন। পরে যুক্ত হয় তমা মির্জা। কাজটা নিয়ে এখন আমাদের পরিকল্পনা চূড়ান্ত করেছি। জলদি শুটিং শুরু হবে।’
