Home আলোচিত সুপারস্টারের জৌলুস কখনও কমে না, আজীবন উজ্জ্বল থাকে: কাজী হায়াৎ

সুপারস্টারের জৌলুস কখনও কমে না, আজীবন উজ্জ্বল থাকে: কাজী হায়াৎ

0
910

কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চিত হচ্ছেন সুপারস্টার শাকিব খান। চিত্রনায়িকা বুবলীর সঙ্গে গোপন বিয়ে ও সন্তান প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলে এ নিয়ে আরও সমালোচনার সুযোগ করে দিচ্ছেন ঢালিউড কিং। এসব বিতর্ক প্রভাব ফেলছে তার ক্যারিয়ারে!

দীর্ঘদিন ধরে বড়পর্দায় রাজার আসনটি ধরে রেখেছেন শাকিব। তবে অনেকেই ভাবছেন তার সিংহাসনটি দিন দিন নড়বড়ে হয়ে যাচ্ছে। তারা মনে করছেন, এর পেছনে রয়েছে সিনেমা হলে অনুপস্থিতি এবং ঘটমান বিতর্ক।

শাকিবের ব্যক্তিজীবনে সৃষ্ট বিতর্কে অনেকেই তার ওপর বিরক্ত। খোদ শাকিব-ভক্তরাও প্রকাশ করছেন ক্ষোভ।

তবে কি শাকিবের দিন শেষ হয়ে আসছে— জানতে চাইলে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কে কীভাবে চলবেন, কোন পথে হাঁটবে—সেটা তার নিতান্তই তার ব্যাপার। তবে শাকিবের দিন শেষ কি না—সে উত্তরে বলব সুপারস্টারের জৌলুস কখনও কমে না। আজীবন উজ্জ্বল থাকে। এই যেমন সুচিত্রা সেন মৃত্যুর আগের দিন পর্যন্ত সুপারস্টার ছিলেন।’

কিন্তু সুপারস্টারের ক্যারিয়ারেরও তো একসময় সমাপ্তি ঘটে। চলচ্চিত্রাঙ্গনে কয়েকমাস ধরে শাকিব অনুপস্থিত। এই সময়টাতে একাধিক ছবির ঘোষণা দিলেও সেগুলোর কোনোটারই কাজ শুরু হয়নি। এই অনুপস্থিতি ও ‘ফাঁকা বুলি’ কি তাকে পতনের দিকে টেনে নিয়ে যাচ্ছে না?

এমন প্রশ্নে কিছুটা শঙ্কা দেখা যায় নির্মাতার কণ্ঠে। তিনি বলেন, ‘এই মুহূর্তে শাকিবের উচিত নতুন সিনেমা নিয়ে আসা। কারণ লম্বা একটা সময় পর্দায় সে অনুপস্থিত। এই অনুপস্থিতি তাকে দর্শকের থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। এর সমাধান হিসেবে তার ফের সিনেমায় নিয়মিত হওয়া প্রয়োজন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here