মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না: ওবায়দুল কাদের

মুজিব কোট পরলেই মুজিব সৈনিক হওয়া যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, মুজিব সৈনিক হতে হলে মুজিবের আদর্শের সৈনিক হতে হবে। মুজিব সৈনিক হতে হলে শেখ হাসিনার খাঁটি কর্মী হতে হবে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) নোয়াখালী শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হন ওবায়দুল কাদের।

শেখ হাসিনা শাসক নন উল্লেখ করে কাদের বলেন, তিনি (শেখ হাসিনা) জনগণের সেবক।

বিএনপি নেতাদের অপপ্রচারের বিপরীতে আওয়ামী লীগ গঠনমূলক সত্য প্রকাশ করবে জানিয়ে তিনি বলেন, আমরা কাজ দিয়ে প্রমাণ করব।

‘আন্দোলনের মাধ্যমে নির্যাতনের জবাব দেওয়া হবে’- মির্জা ফখরুলের এমন বক্তব্যের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে বিএনপি হত্যা করেছে। এখন বিএনপি নেতারা ঘরে আছেন। অথচ আমরা তাদের শাসনামলের ৫ বছরে পাঁচ দিনও ঘরে থাকতে পারিনি। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আন্দোলন করেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুক, কোনো আপত্তি নেই। কিন্তু আগুন নিয়ে খেললে, সহিংসতা করলে আমরা প্রস্তুত আছি। জনগণের জানমাল রক্ষায় সমুচিত জবাব দেওয়া হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু। আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্লাহ খান সোহেল ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *