ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। সাম্প্রতিক সময়ে তাদের কর্মকাণ্ডে নিজেদের মধ্যে অমিলের বিষয় ফুটে উঠে। কিন্তু দু’জনের মধ্যেই একটি পছন্দের জায়গা এক।
বিশ্বকাপ ফুটবল আসর ঘিরে সব মানুষের মধ্যেই উন্মাদনা থাকে। সাধারণ মানুষ হোক কিংবা তারকা সবাই এই সময়ে ফুটবল আয়োজনে মেতে থাকেন। স্বাভাবিকভাবে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সমর্থকদের মধ্যে দল দুটি নিয়ে আলোচনা-সমালোচনা বেশি হয়। এমনকি তারকাদের মধ্যেও এমনটাও দেখা যায়।
এদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে ব্যক্তিগত সমস্যা থাকলেও বিশ্বকাপ ফুটবলে দু’জনের মধ্যে এক অভিন্ন মিল পাওয়া গেল। এই দুই নায়িকাই ব্রাজিল দলের সমর্থক।
বিশ্বকাপ শুরুর কিছুদিন পূর্বে ব্রাজিলের পক্ষ নিয়ে অপু জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই ব্রাজিল সমর্থন করেন তিনি। তখন অবশ্য খেলা ততটা বুঝতেন না। এখন ফুটবল পুরোপুরি বোঝেন তাই ব্রাজিলকে সমর্থন করেন।
অপু বলেন, ‘ফুটবল খেলা যারা পছন্দ করেন এবং বোঝেন তারা ব্রাজিলকে সাপোর্ট করবেন। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে, যা অন্য দলের ক্ষেত্রে আমি অনুভব করি না। তাই আমি ব্রাজিলের সাপোর্টার।’
অপরদিকে বুবলীও তার সমর্থন জানিয়েছেন সাম্বার দেশ ব্রাজিলকে। ব্রাজিলের নান্দদিক ছন্দে ফুটবলের আসল সৌন্দর্য খুঁজে পান ‘বসগিরি’ নায়িকা।
শুক্রবার (২৫ নভেম্বর) সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করে ব্রাজিল। এদিন দলের পক্ষে জোড়া গোল করেন রিচার্লিসন। অ্যাক্রোব্যাটিক স্টাইলে করা তার দ্বিতীয় গোলটির ছবি ফেসবুকে শেয়ার করেন বুবলী। ক্যাপশনে লেখেন, ‘ওহ্ ব্রাজিল! বিশ্বকাপ ফুটবল যে শুরু হয়েছে ফিলটা আজকে পাচ্ছি।’ সঙ্গে জুড়ে দেন ‘লাভ’ ইমোজি।
