কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে টিকিয়ে রাখতে তাকেই কিছু একটা করতে হবে, এটা জানতেন লিওনেল মেসি। তিনি করেও দেখিয়েছেন। দ্বিতীয়ার্ধে তার দুর্দান্ত গোলে প্রাণ ফিরে পায় আর্জেন্টিনার সমর্থকরা। এরপর তার পাস থেকেই দ্বিতীয় গোলটি করেন এনজো ফার্নান্দেস।
ব্যাস, সমর্থকদের আর কে পায়! উল্লাসে ফেটে পড়েন তারা। সামাজিক মাধ্যমে অনেকে মেসিদের জয়ের পর উল্লাস-অনুভূতি প্রকাশ করছেন।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু এই বিজয়ের পর নিজেকে আর্জেন্টিনার ভক্ত হিসেবে প্রমাণ করালেন। রবিবার সকালে গায়ে আর্জেন্টিনার জার্সি আর মাথায় হ্যাট পরে একটি ভিডিও প্রকাশ করেন মিঠু।
সেখানে অভিনেত্রী বলেন, ‘এখন সবার সন্দেহ দূর হয়েছে? সবারই সন্দেহ ছিল যে এই মহিলা কোন দলের সাপোর্টার! আমি আসলে ছোটবেলা থেকেই, যখন থেকে খেলা বুঝি তখন থেকেই আর্জেন্টিনার সাপোর্টার। আমার অভিনেতা ভাই চ্যালেঞ্জার। তিনি আমাকে বুকে নিয়ে নিয়ে আর্জেন্টিনার খেলা দেখতেন। ম্যারাডোনা কাকে বলে সেটা শেখাতেন।’
মিঠুর কথায়, ‘পরাজয়ের গ্লানিটা কেন যেন আমাকে বেশি ভাবায়। এই জন্য আমি জয়ের আনন্দটা একটু চেপে রাখি। নিজের দল আর্জেন্টিনা জিতেছে গতকাল। অসম্ভব সুন্দর খেলা দেখিয়েছেন উনারা।’
সবশেষ অভিনেত্রী বলেন, ‘মেসির জাদু দেখলাম আমরা। আর আমাদের ২৪ নম্বর প্লেয়ার এন জো যে জাদুটা দেখালো। সে গোলের পর নিশ্চয়ই আর্জেন্টিনার সবার জয়ের উল্লাস আরও বেড়ে গেছে।’
