‘স্বাস্থ্যই সকল সুখের মুল’-শৈশব থেকে এই কথাটি শুনে আসলেও স্বাস্থ্যের ব্যাপারে খুব একটা সময় দেওয়া অথবা যত্ন করা হয়ে ওঠে না অনেকেরই। কিন্তু সময়ের পালাবদলে বাংলাদেশেও সুস্বাস্থ্য এবং আকর্ষণীয় শরীর গঠনের জন্য সচেতনতা বেড়েছে।
বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে বেশ ভালো সাড়া পড়েছে এই বিষয়টি। সেজন্য নিয়মিতই ব্যায়ামাগারমুখী হচ্ছেন অর্থাৎ জিমে ছুটছেন তারা। এবার জিমে ব্যায়ামাগারমুখী হলেন গায়ক কদ্দুস বয়াতি। তার মতে, ‘শরীর ঘামায়া ফিট রাখতে হবে। তাই আমি ব্যায়াম করি।’
সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি ভিডিও প্রকাশ হয়েছিল। যেখানে দেখা গেছে, রীতিমতো জিমে গিয়ে শরীর চর্চা করছেন কুদ্দুস বয়াতি।
এ বিষয়ে কুদ্দুস বয়াতি বলেন, আমি এখন যোগ ব্যায়াম করছি। জিমেও যাওয়া হয়। তবে যোগ ব্যায়ামটাই আমার আসল। শুধু গান করলে হবে না। শরীর ফিট রাখতে হবে। এই জন্য ঘাম ঝড়াতে হবে। আমি ব্যায়াম করে ঘাম ঝড়াই।
এই বয়াতি বলেন, এখন আমি গ্রামে আসছি (নেত্রকোনার কেন্দুয়া)। গ্রামে তো আর জিম নাই। তাই এইখানে আমি নিজের মতো করে ব্যায়াম করি। আবার ঢাকা গেলে জিমে ব্যায়াম শুরু করব।
