বিএনপির সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১২টার দিকে রাজশাহীর দরগাপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

একটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের মেয়াদ শেষ হলেও নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি বিএনপির এই নেতা। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন। তিনি জানান, দুপুর ১২টার দিকে নাদিম মোস্তফার রাজশাহী শহরের পাঠানপাড়া এলাকার বাড়িতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল যায়। কিছুক্ষণ পর তারা নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করে।

২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরের মজির উদ্দীন হত্যা মামলায় গত ১১ জানুয়ারি নাদিম মোস্তফার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে তিনি গত মার্চ মাসে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান।

উচ্চ আদালত নাদিম মোস্তফাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি নিম্ন আদালতে হাজির হননি।

তবে দীর্ঘদিন তিনি নির্বাচনী এলাকায় ছিলেন না। ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে এক সপ্তাহ ধরে তিনি তার নির্বাচনী এলাকা দুর্গাপুরের বিভিন্ন কর্মী সভায় যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *