Home বিনোদন আজ থেকে আমাদের শক্তিটা বাড়লো: ইলিয়াস কাঞ্চন

আজ থেকে আমাদের শক্তিটা বাড়লো: ইলিয়াস কাঞ্চন

0
436

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের বিষয়ে আদালত চূড়ান্ত রায় দেননি। জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলা হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) গ্রহণ করে তাকে আপিলের অনুমতি দিয়েছেন আদালত। এর ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আপাতত দায়িত্ব পালন করতে পারবেন নিপুণ।

এ খবর পেতেই আনন্দের জোয়ার বইছে কাঞ্চন-নিপুণ শিবিরে। আনন্দ ভাগ করে নিতে শিল্পী সমিতির সদস্যরা আজ সোমবার এক হন বিএফডিসিতে। এ উপলক্ষে বিকেল তিনটায় সেখানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জায়েদ খানের আর সাধারণ সম্পাদক পদটি ফিরে পাওয়ার সুযোগ নেই বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। সংবাদকর্মীদের প্রশ্নের উত্তরে এক পর্যায়ে তিনি এ মন্তব্য করেন।

জায়েদ খানের আবার পাল্টা রিট বা মামলায় এই পদে ফিরে আসার সম্ভাবনা আছে কি না— জানতে চাইলে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এখন আর কোনো সুযোগ নেই। দেশের সর্বোচ্চ আদালত থেকে একটি নির্দেশনা এসেছে। এখন জায়েদকে এই পদে আসতে হলে জাতিসংঘে যেতে হবে৷ এ ছাড়া তার আর কোনো উপায় নেই।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ৯ মাস ধরে অনেক কিছু হয়েছে। এসব নিয়ে আর কথা চাই না। আমরা সবাই শিল্পী হয়ে সমিতির জন্য, শিল্পীদের জন্য কাজ করে যেতে চাই। নিপুণ এখন থেকে নিয়মিত এই পদে কাজ করবে। আজ থেকে আমাদের শক্তিটা বেড়েছে।’

এছাড়া সংবাদ সম্মেলনে নিপুণ বলেস, আপিল বোর্ডে যারা ছিলেন, তারা সবাই নয় মাস আমার সঙ্গে একটা যুদ্ধ করে গেছেন। উচ্চ আদালত সঠিক রায় দিয়েছেন। এ জন্য উচ্চ আদালতের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ।

এ সময় এফডিসিতে অভিনেত্রী নিপুণের সঙ্গে ইলিয়াস কাঞ্চন ছাড়াও আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মামনুন ইমন এবং আরমান, জেসমিন, ডি এ তায়েব, শিল্পী সমিতির নির্বাচনের আপিল বিভাগের সদস্য সোহানুর রহমান সোহান ও খোরশেদ আলম খশরু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here