বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল গ্রহণ করেছেন আদালত।
এই রায়ের পর প্রতিক্রিয়ায় নিপুণ সংবাদমাধ্যমকে বলেন দীর্ঘ নয় মাস ধরে আমি ধৈর্য্য ধরে আছি। অপেক্ষায় আছি। সত্যের পক্ষে রায় আসার। অবশেষে সত্যের জয় হল। আমি খুবই খুশি।
তিনি বলেন, দীর্ঘ নয় মাস সব জায়গায় থেমে যাচ্ছিলাম। অনেক সময় বিব্রত হতে হয়েছে। যেখানেই গিয়েছি, ‘সবার প্রশ্ন ছিল, আসলে কী হচ্ছে। কবে এর শেষ হবে।’ সত্যের জয় হবে বুঝতে পারলেও মানসিকভাবে স্বস্তিতে ছিলাম না। কিন্তু সত্যের জন্য লড়ে গেছি। তবে জানতাম সত্যের জয় দেরিতে হলেও হয়। আমরা একের পর এক ধৈর্য ধরেছি। আজকের সেই ফল আমার সহকর্মী, সমিতির সব সদস্যের মুখে হাসি।
নিপুণ বলেন, আমি একটা কারণেই নির্বাচন করেছি, সেটা শিল্পীদের জন্য। এখন গোছালোভাবে শিল্পীদের জন্য কাজ করে যাব। অনেক সময় নষ্ট হয়েছে। আর দেরি করতে চাই না। শিগগির আমরা মিটিং করে কাজ শুরু করব।
