Home প্রধান খবর জায়েদ নন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ: আপিল বিভাগ

জায়েদ নন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ: আপিল বিভাগ

0
133

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

এদিকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) গ্রহণ করেছেন আদালত। এর ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আপাতত নিপুণের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে আজ নিপুণের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও আইনজীবী মুস্তাফিজুর রহমান খান। অন্যদিকে জায়েদ খানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সঙ্গে ছিলেন আইনজীবী নাহিদ সুলতানা ও মজিবুল হক ভূঁইয়া। এসময় আদালতকক্ষে নিপুণ ও জায়েদ উপস্থিত ছিলেন।

নিপুনের আইনজীবী ব্যারিস্টার মো. মুস্তাফিজুর রহমান খান জানান, আপিল বিভাগের আজকের আদেশের ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তার (নিপুণ) দায়িত্ব চালিয়ে যেতে পারবেন।

আইনজীবী বলেন, জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা আপিল বোর্ডের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এর আগে জায়েদ খানকে শিল্পী সমিতির সম্পাদক ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরবর্তী সময়ে তাও স্থগিত করে স্থিতাবস্থা দেন চেম্বার আদালত।

এছাড়া গত ২৪ ফেব্রুয়ারি নায়িকা নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন চিত্রনায়ক জায়েদ খান। পরবর্তী সময়ে নিপুণও জায়েদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here