ছোটবেলা থেকেই আমি ব্রাজিলের ভক্ত: আলমগীর

দেশের কিংবদন্তি তারকা দম্পতি কণ্ঠশিল্পী রুনা লায়লা ও অভিনেতা আলমগীর। তারা জানান, রুনা ফুটবল খেলা বুঝেন না। তাই দেখেনও না। তবে আলমগীর ফুটবল অনুরাগী। তিনি পেলের দেশ ব্রাজিলের সমর্থক। এ নায়ক ব্রাজিল সুপারস্টার নেইমারের খেলা ভালোবাসেন।

রোববার (২০ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে পালিত হয় রুনা লায়লার ৭০তম জন্মদিন উৎসব। আয়োজনের মধ্যমণি হয়ে হাজির হন রুনা-আলমগীর।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা নানা প্রসঙ্গের পাশাপাশি বিশ্বকাপ ফুটবল নিয়েও কথা বলেন। রুনা লায়লা বলেন, ‘আমি ফুটবল খেলা বুঝি না। তাই দেখা হয় না।’

নায়ক আলমগীর বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের খেলার ভক্ত। ওদের প্র‍তি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এখন নেইমারের খেলা আমার ভালো লাগে।’

নগদ নিবেদিত রুনা লায়লার ৭০তম জন্মদিন উৎসবে হাজির হয়েছিলেন একঝাঁক তারকা। কণ্ঠশিল্পী খুরশিদ আলম, রফিকুল ইসলাম, ফুয়াদ নাসের বাবু, কনা, অভিনেত্রী পূর্ণিমা, রুনা খানসহ আরও অনেকেই এসেছিলেন বাংলাদেশের গানের পাখি রুনাকে শুভেচ্ছা জানাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *