Home খেলাধুলা পর্দা উঠল কাতার বিশ্বকাপের

পর্দা উঠল কাতার বিশ্বকাপের

0
192

অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে। পর্দা উঠেছে ‘দ্য গ্রেটেষ্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপের ২২ তম আসরের। এবারের বিশ্বকাপের মূল আয়োজক পারস্য উপসাগরের উপকূলীয় দেশ কাতার। স্বাগতিকদের ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু হয়েছে এক মাস ব্যাপী এই বৈশ্বিক আসরের।

কাতারের রাজধানী দোহার কেন্দ্র থেকে ৪০ কি.মি. দূরে আল খোরে অবস্থিত আল বায়েত স্টেডিয়ামে আয়োজিত হয়েছে বর্ণীল এ উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানকে ঘিরে পুরো স্টেডিয়াম এলাকা জুড়েই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

৬০ হাজার দর্শকভর্তি স্টেডিয়ামে শুরুতেই পারফর্ম করেছেন কাতারের আঞ্চলিক শিল্পীরা। নাচ-গান এবং ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে তারা তুলে ধরতে চেয়েছেন উপসাগরীয় দেশটির সংস্কৃতি।

কাতারের আঞ্চলিক পারফরম্যান্সের মধ্যেই হুট করে মঞ্চে এসে হাজির হন হলিউড কিংবদন্তি মরগান ফ্রিম্যান। মঞ্চে কয়েক মিনিটের উপস্থিতিতে দর্শকদের মাতিয়েছেন ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ সিনেমার বিখ্যাত এ অভিনেতা।

এরপর মঞ্চে আসেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক। মিনিট পাঁচেকের পারফরম্যান্সে গ্যালারির সকল দর্শককে জাগিয়ে তুলেছেন এই তারকা। এবারের বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ গেয়েছেন তিনি। জাংকুকের মনোমুগ্ধকর পারফরম্যান্সের সময় বিশ্বকাপের মাসকট লা’ইবও পারফর্ম করেছে মঞ্চে। বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠানে এই প্রথম কোরিয়ান কোনো শিল্পী হিসেবে পারফর্ম করলেন জাংকুক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here