পুলিশের চোখে গ্যাস দিয়ে আদালত থেকে পালালেন ২ জঙ্গি

ঢাকা: জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফীন দীপন হত্যা মামলায় আদালতে আনার পর পুলিশের চোখেমুখে গ্যাস স্প্রে করে পালিয়েছেন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্য।

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে রোববার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এ দুই আসামি পালিয়ে যান। পালিয়ে যাওয়া দুই আসামি হলেন আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীম।

জানা গেছে, দুই জঙ্গিকে মোহাম্মদপুর থানার সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ সদস্যরা তাদের নিয়ে যাচ্ছিলেন। এ সময় জেএমবির দুই সদস্য পুলিশের চোখে-মুখে স্প্রে করলে তারা অপ্রস্তুত হয়ে যান। এই ফাঁকে আগে থেকে প্রস্তুত একটি মোটরসাইকেলে চড়ে ওই দুই সদস্য দ্রুত পালিয়ে যায়। মোটরসাইকেলের চালক ছিলেন আরেকজন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আদালতে পুলিশ হেফাজত থেকে জেএমবির দুই সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতনরা আছেন। তারা বিস্তারিত জানার চেষ্টা করছেন।

জেএমবি সদস্যরা স্প্রে কোথায় পেলো এবং স্প্রেটি কীসের তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান ডিসি ফারুক হোসেন।

এদিকে ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন আর রশীদ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে বলেন, ঘটনার পরপরই আমাদের গোয়েন্দা সদস্যরা আসামিদের ধরার জন্য কাজ শুরু করেছে। ঢাকার সব পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। আশপাশের অলিগলিতে তল্লাশি করা হচ্ছে। আশা করছি খুব দ্রুতই তাদের গ্রেপ্তারে সক্ষম হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *