ছোটবেলা থেকেই আমি খেলাধুলা পছন্দ করি: পরীমণি

আগামীকাল (২০ নভেম্বর) থেকে কাতারে শুরু হচ্ছে ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২’। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আয়োজনকে ঘিরে এখন সরগরম গোটা দুনিয়া। বরাবরের মতো বাংলাদেশও মেতেছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’কে ঘিরে। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রিয় দল আর্জেন্টিনা। দলটির প্রাণভোমরা, বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির দারুণ ভক্ত পরী। মেসির হাতেই এবারের বিশ্বকাপ দেখতে চান এই নায়িকা।

ফুটবল বিশ্বকাপ নিয়ে গণমাধ্যমকে পরীমণি বলেন, ‘ছোটবেলা থেকেই আমি খেলাধুলা পছন্দ করি। ফুটবল বিশ্বকাপের সঙ্গে আমি কিশোর বয়স থেকেই পরিচিত। বিশ্বকাপ আসলে নিজ এলাকার সিনিয়র জুনিয়রদের মধ্যে যে উন্মাদনা দেখতাম সেখান থেকেই গোল বলের প্রেমে পড়ি। দল হিসেবে পছন্দ করি মারাদোনার আর্জেন্টিনাকে।’

আর্জেন্টিনাকে নিয়ে নিজের আবেগের কথাও শোনান এই নায়িকা। তার কথায়, ‘আর্জেন্টিনার খেলা এবং আচরণ সবার থেকে আলাদা। গাব্রিয়েল বাতিস্তুতা, হার্নান ক্রেসপো, পাবলো আইমার ছিলেন আমার প্রথম ভালোবাসা। তাদের খেলা দেখে দারুণ মজা পেতাম। তারপর এলেন ফুটবল যাদুকর লিওনেল মেসি। তাকে নিয়ে বলে শেষ করা যাবে না। তার ভক্ত হিসেবে আমি আনন্দিত।

বহু বহু ম্যাচ তিনি আনন্দে পূর্ণ করেছেন, মন ভরিয়েছেন। তিনিই এখন আমার সবচেয়ে পছন্দের খেলোয়াড়। এবার বিশ্বকাপ মেসির হাতে দেখতে পারলে খুব খুশি হবো। তার মতো প্লেয়ার ফুটবল বিশ্বের অহংকার।’

ছেলেকে নিয়ে এবারের বিশ্বকাপে খেলা দেখার কথা জানান তিনি। এছাড়াও পরী বলেন, ‘রাজ্য এখন ছোট। ওর জন্য এমনিতেই রাতে জেগে থাকতে হবে। তাই এবারের বিশ্বকাকাপটি ছেলেকে সঙ্গে নিয়ে দেখতে পারব। এটা ভেবে আনন্দ হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *