ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ব্যক্তিজীবনে দুই সন্তানের জনক। একজন আব্রাম খান জয় ও অন্যজন শেহজাদ খান বীর। তারকাজীবনের বাইরে দুই সন্তানকেই সময় দিয়ে থাকেন এই নায়ক। যা বিভিন্ন উৎসব-আয়োজনে অভিনেতার সোশ্যালে ঢুঁ মারলেই স্পষ্ট দেখা যায়। মূলত সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হওয়ায় ক্যারিয়ারের কাজের বাইরে ব্যক্তি কিংবা পারিবারিক জীবনের নানা বিষয়ও মাঝে মাঝে তুলে ধরেন শাকিব খান।
বলে রাখা ভালো, শাকিব খানের প্রথম সন্তান আব্রাম খান জয়ের মা অভিনেত্রী ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস এবং দ্বিতীয় সন্তান শেহজাদ খান বীরের মা অভিনেত্রী শবনম বুবলী।
এদিকে তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের বরাবরই জানার আগ্রহ থাকে। তেমনি তারকাদের সন্তানদের বিষয়েও আগ্রহ থাকে তাদের।
শাকিব খানের মতো তার দুই সন্তানও সোশ্যালে সক্রিয়। তারকা বাবার থেকে সোশ্যালে কোনো অংশে পিছিয়ে নেই জয়-বীর। ফেসবুকে অনেক আগেই পেজ খোলা হয়েছে তাদের নামে। তবে তারা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পেজগুলো অভিনেত্রী মা কিংবা বিশ্বস্ত কেউ পরিচালনা করেন বলেই ধারণা। আবার মাঝে মাঝে ছেলের পেজে পোস্ট করা বিভিন্ন ছবি-পোস্ট শেয়ার করেন অপু-বুবলী।
ফেসবুকে আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর সক্রিয়। কিন্তু সাম্প্রতিক সময়ে জয়ের পেজে পোস্ট খুব কম। জয়ের ফলোয়ার সংখ্যা ৮ লাখ ১৮ হাজারেরও বেশি। ফেসবুকে তার অভিষেক হয় ২০১৮ সালের ৭ এপ্রিল।
জয়ের পেজে প্রবেশ করলে দেখা যায়, মা অপু বিশ্বাসের সঙ্গে বিভিন্ন সময়ের খুনসুটির নানা ছবি ও ভিডিও পোস্ট করা। যেখানে শুভাকাঙ্ক্ষীরা ভালোবাসা প্রকাশ করে থাকেন মন্তব্যের ঘরে।
এদিকে গত ৩০ সেপ্টেম্বর শাকিব ও বুবলী দু’জনই ছেলে বীরের ছবি প্রকাশ্যে আনেন। এর কয়েকদিন পরে অর্থাৎ, গত ৩ অক্টোবর অভিনেত্রী বুবলী নিজের বিয়ে ও একমাত্র সন্তান বীরের জন্ম তারিখ প্রকাশ করেন। সেই সময় জানান, শেহজাদ খান বীরের জন্ম ২০২০ সালের ২১ মার্চ। ছেলের জন্ম তারিখ প্রকাশ করার দিনই ফেসবুকে একটি পেজও খোলেন অভিনেত্রী।
শেহজাদ খান বীর ফেসবুকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর অভিষেক করার পরই শুভাকাঙ্ক্ষীরা ফলো করতে থাকেন তাকে। তার পেজে ফলোয়ার সংখ্যা রয়েছে ১ লাখ ২৭ হাজারেরও বেশি। এই পেজে বিভিন্ন সময় বীরের আনন্দঘন মুহূর্তের ছবি পোস্ট করা হয়। আর তাতে শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন নেটিজেনরা।
উল্লেখ্য, ২০০৮ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঢাকাই সিনেমার দুই শীর্ষ তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। তবে বিয়ের খবর টের পায়নি কেউ। ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের লাইভে সন্তান আব্রাহাম খান জয়সহ হাজির হন অপু। এরপর জানান, তিনি ও শাকিব বিবাহিত এবং এই সন্তান তাদেরই। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি বিচ্ছেদ হয় তাদের। শাকিব-অপুর সংসারে রয়েছে ৬ বছরের পুত্রসন্তান আব্রাম খান জয়। বিচ্ছেদের পর জয় মা অপু বিশ্বাসের সঙ্গেই থাকেন।
