মিসেস ইউনিভার্স বাংলাদেশ-২০২২ এর ফাইনাল রাউন্ডের অনুষ্ঠানে অভিনেতা মীর সাব্বিরকে মঞ্চে ডাকেন উপস্থাপিকা ইসরাত পায়েল। সেখানে উপস্থাপিকার অনুরোধে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি মন্তব্য করেন অভিনেতা। শুধুই মজা করে বিনোদনের উদ্দেশ্যে মন্তব্যটি করেন মীর সাব্বির। কিন্তু সেই মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক।
মীর সাব্বিরের মন্তব্যের ব্যাপারে উপস্থাপিকা ইসরাত এক ভিডিও বার্তায় ক্ষমা চাওয়ার জন্য বলেন অভিনেতাকে। এরপর আরও কয়েকটি মন্তব্য দেন বিভিন্ন গণমাধ্যমে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে।
এদিকে বুধবার (১৬ নভেম্বর) মীর সাব্বির তার মন্তব্যের জন্য ফেসবুক হ্যান্ডেলে এক স্ট্যাটাসে জানান, একটা ছোট্ট বিষয়কে হঠাৎ করে বড় করার চেষ্টা করা হয়েছে। আমি যেটা বলেছি সেটা তাৎক্ষণিক এবং এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। কাউকে হেয় করার জন্য কিছু বলি নাই।
তিনি আরও জানান, উপস্থাপিকা যে আমার ছোট বোনের মতো। সে যদি কষ্ট পেয়ে থাকে তাহলে আমি দুঃখ প্রকাশ করতেই পারি। সেটা নিয়ে এভাবে ফেসবুক কিংবা বিভিন্ন মাধ্যমে বক্তৃতা দিয়ে ছড়ানোর কিছু নাই। আমাকে বললেই পারত, দাদা-ভাই কিংবা ভাইয়া আপনাকে আমি রেসপেক্ট করি। আপনার কথায় আমি কষ্ট পেয়েছি। আমি তখন হয়তো বলতাম, সরি তুমি কষ্ট পেও না। আমি তোমাকে কষ্ট দেয়ার জন্য কথাটা বলিনি। কারণ তুমি আমার শব্দের মানে বুঝতে পারোনি। বিষয়টা শেষ হয়ে যেত।
পরে আজ একটি সংবাদমাধ্যমকে মীর সাব্বির বলেন, ‘আমার বলা শব্দগুলো বরিশালের আঞ্চলিক ভাষায় মা–বোনেরা প্রায়ই ব্যবহার করেন। মঞ্চে আমার কথার বলার সময় সবাই দেখে থাকবেন, উপস্থাপিক চমৎকার হেসে কথাগুলো গ্রহণ করেছেন। সব সময় যেভাবে বিনোদন পান, সেভাবেই দর্শকসহ সবাই গ্রহণ করেছেন। তখনো আমি বুঝিনি, এটা নিয়ে তেমন কিছু হতে পারে। দুই দিন পর ওই উপস্থাপিকের বরাত দিয়ে কিছু সংবাদকর্মী জানালেন, আমি নাকি উপস্থাপিকাকে পোশাক নিয়ে ছোট করে কথা বলেছি। সাংবাদিকদের বললাম, এটা আসলে তেমন কিছুই নয়। একটা ছোট্ট বিষয়কে হঠাৎ করে বড় করার চেষ্টা করছেন কেউ কেউ। আমি একটা কথাই বলব, আমি যেটা বলেছি, সেটা তাৎক্ষণিক এবং এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল না।’
উপস্থাপিকা ইসরাত পায়েলকে ছোট বোনের মতো মনে করে সাব্বির বলেন, ‘দেখুন, আমরা পরিবার নিয়ে বসবাস করি। মা–বোন সবার আছে। সেখানে কোনো মেয়েকে ছোট করার কোনো প্রশ্নেই আসে না। পায়েল, (উপস্থাপিকা) সে আমার ছোট বোনের মতো। সে যদি কষ্ট পেয়ে থাকে, তাহলে আমি দুঃখ প্রকাশ করতেই পারি। সেটা নিয়ে ফেসবুক কিংবা বিভিন্ন মাধ্যমে বক্তৃতা দিয়ে ছড়ানোর কিছু নেই। এর চেয়ে বড় ভাই, সহকর্মী হিসেবে সে আমাকে বলতেই পারত। আমি দীর্ঘদিন ধরে মিডিয়ায় কাজ করি। এ সময়ে কেউ বলতে পারবেন না, আমি কখনোই কাউকে কষ্ট দিয়েছি। বরং সবার ভালোবাসাই আমার অনুপ্রেরণা।’
প্রসঙ্গত, গত ১১ নভেম্বর ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’-এর ফাইনাল রাউন্ডের মঞ্চে বিচারকের আসন থেকে মীর সাব্বিরকে মঞ্চে ডাকেন উপস্থাপিকা ইসরাত পায়েল। সেখানে অভিনেতাকে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি সংলাপ বলার জন্য অনুরোধ করেন পায়েল। তখন মীর সাব্বির উপস্থাপিকা পায়েলকে উদ্দেশ্য করে বলেন, ‘এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা’।
