আগামী ২০ নভেম্বর শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। চার বছর পরপর বিশ্বকাপকে ঘিরে চলে উন্মাদনা। সেই উন্মাদনার রেশ পুরো বিশ্বের পাশাপাশি বালাদেশেও চলে তুমুলভাবে।
তবে বাংলাদেশে বেশির ভাগ সমর্থক বিশ্বকাপের আসর শুরু পর দুইভাগে বিভক্ত হয়ে যায়। এরমধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকই বেশি। দল দুটির সমর্থকদের মধ্যেও থাকে উত্তেজনা।
সাধারণ মানুষ থেকে শোবিজ অঙ্গনের তারকারাও মেতেছেন ফুটবল খেলা নিয়ে। তারকারা কে কোন দলের সাপোর্ট করেন, তা নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। দেশসেরা চিত্রনায়ক শাকিব খান ফুটবল খেলায় কোন দলের সাপোর্ট করেন, তা নিয়েও বেশ আগ্রহ তৈরি হয়েছে তার ভক্তদের মাঝে।
বেশি আগ্রহ তৈরি হয়েছে মূলত শাকিব খানের আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি পরিহিত দুটি ছবির কারণে। একটি ছবিতে দেখা যায় তিনি আর্জেন্টিনার জার্সি পরে আছেন আবার অন্যটিতে ব্রাজিলের জার্সি পরেছেন।
বিষয়টি নিয়ে শাকিব খান একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘শাকিবিয়ানদের পছন্দকে আমি সবসময় প্রায়োরিটি দিই। শাকিবিয়ানরা যাদের পছন্দ করে, আমিও তাদের সমর্থন করি।’
এর আগে ২০১৮ সালে দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে শাকিবের একটি বক্তব্য প্রচারিত হয়। সেখানে শাকিবের বক্তব্য ছিল, ‘একসময় নিয়ম করে প্রতিদিন ফুটবল খেলতাম। এখান আর সেই সুযোগ হয় না। মাঠে খেলার সময় নিজেকে ম্যারাডোনা মনে করতাম। তার মতো ফুটবল খেলার চেষ্টা করতাম। তখন থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। ’
তবে ২০১৪ সালে দেশের একটি শীর্ষ ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে শাকিব বলেছিলেন তিনি ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। এবং সে বছর ব্রাজিল কাপ জিতবে। বলছিলেন এটাই সময়, ‘নেইমারের খেলা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। ’
যদিও সেসবার আর্জেন্টিনা ফাইনালে পৌঁছে যায়। আর শাকিব খানের গায়ে দুই দলেরই জার্সি পাওয়া যায়। স্বাভাবিকভাবেই শাকিবের এসব বক্তব্য ও অবয়বে ভক্তরা দ্বিধান্বিত হয়ে যাচ্ছেন।
