আমি চাই, সবাই একবার হলেও আমার নামটা জানুক: ইশরাত পায়েল

মাত্র কয়েকদিন আগে শেষ হলো বিবাহিত নারীদের প্রতিভা ও মেধা বিকাশের লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ-২০২২’। তবে শেষ ধাপে এসে রেখে গেল একটি বিতর্ক।

এ বিতর্কে আসামির কাঠগড়ায় দেশের জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। তার বিরুদ্ধে নারীর পোশাক নিয়ে বুলিংয়ের অভিযোগ এনে অভিযোগকারীর ভূমিকায় রয়েছেন অনুষ্ঠানটির উপস্থাপক ইশরাত পায়েল।

এদিকে ওই দিন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপস্থাপিকা ইসরাত পায়েল জানান, অনন্ত জলিল সিনেমার প্রস্তাব দিলে সিনেমা করবেন তিনি। এতে দেশের মানুষ নাম জানতে পারবে তার।

ইসরাত পায়েল ঢালিউড সুপারস্টার শাকিব খান সম্পর্কে বলেন, শাকিব খান একজন সুপারস্টার। বাংলাদেশে যদি বলি যার কথা শুনলে দর্শক হলে যাবে, তিনি হচ্ছেন শাকিব খান। ব্যক্তিগত জীবনের দিকে আমি যাব না। তবে অভিনেতা হিসেবে শাকিব খান সেরা।

বড় পর্দায় অভিনেত্রী কিংবা নায়িকা হিসেবে অভিষেকের প্রসঙ্গ তুলতে ইসরাত পায়েল বলেন, সিনেমায় কাজের প্রস্তাব বরাবরই পাই। বাজার কাটতি যেকোনো হিরো আমি বেছে নিবো। কারণ, আমি খুব ভালো সিনেমা করলাম কিন্তু হলে দর্শক নেই। সেই সিনেমা করে আমার তো লাভ নেই। আমার দেখতে হবে আমি যেটা পারফর্ম করছি, দর্শক যাতে দেখে, যাতে মূল্যায়নের সুযোগ তারা পায়। আমি এমন কাউকেই বেছে নেব, যার সিনেমা দর্শক দেখে।

এক পর্যায়ে অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলের বিষয়ে তিনি বলেন, অনন্ত জলিল, তিনি যদিও বর্ষা ছাড়া অন্য কারও সঙ্গে সিনেমা করেন না। তো আমাকে যদি বেছে নেন, তাহলে আমি অবশ্যই সিনেমা করব। কারণ আমি চাই, বাংলাদেশের ১৬ কোটি জনতা একবার হলেও আমার নামটা জানুক।

প্রসঙ্গত, সাংবাদিকদের সঙ্গে উপস্থাপিকার কথা বলার আগে মঞ্চে অনুষ্ঠানের একপর্যায়ে মীর সাব্বিরকে মঞ্চে ডেকে নেন উপস্থাপক ইশরাত পায়েল। সেখানে মীর সাব্বিরের সঙ্গে রসিকতাও করেন তিনি।

মীর সাব্বির মঞ্চ ছাড়ার সময় তাকে বরিশালের ভাষায় নাটকের সংলাপ বলতে অনুরোধ করা হয়। সাব্বির বলেন, ‘আমি সংলাপ মুখস্থ রাখতে পারি না।’

এরপর আবারও অনুরোধ করলে মীর সাব্বির বরিশালের ভাষায় উপস্থাপকের উদ্দেশে বলেন, ‘এই মাতারি তুমি এরম উদ্‌লা গায় দাঁড়াই আছ কিল্লাই?’

বরিশালের ভাষায় মীর সাব্বিরের সংলাপ শুনে হেসে ফেটে পড়েন উপস্থাপকসহ দর্শকরা। মীর সাব্বিরের হাত থেকে মাইক্রোফোন নিয়ে তিনি হাসতে হাসতে বলেন, ‘ওহ মাই গড। অনেক ধন্যবাদ।’

এর কদিন পর সেই সংলাপ নিয়েই বুলিংয়ের অভিযোগ তোলেন উপস্থাপক ইশরাত পায়েল।

এ নিয়ে সোমবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন ইশরাত। এতে তিনি বলেন, নারীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে মীর সাব্বিরকে। তিনি অভিযোগ করেন, তাকে বুলিং করা হয়েছে, এটা ক্রাইম।

বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা চলছে ফেসবুকে। এর পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন মীর সাব্বির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *