ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’-এর মঞ্চে একটি মন্তব্য করেন। যেখানে তিনি বলেন, ‘এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা’। তার এই মন্তব্য ঘিরে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। এছাড়া বিষয়টি নিয়ে অভিযোগ তুলেছেন অনুষ্ঠানটির সঞ্চালক স্বয়ং ইসরাত পায়েল।
এদিকে মীর সাব্বিরের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশের জন্য আহ্বান জানিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন পায়েল। সেখানে তিনি বলেন, সাব্বির ভাই অনেক সিনিয়র একজন অভিনেতা। তিনি বুঝে বা না বুঝে তাৎক্ষণিক এই মন্তব্য করতে পারেন। তবে তার এই মন্তব্যের জন্য অন্তত সরি বলা উচিত ছিল।
বিষয়টি নিয়ে নানা মন্তব্য চলছে ফেসবুকে। এর পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন মীর সাব্বির।
স্ট্যাটাস শুরু করেছেন, ‘এক দেশের গালি আরেক দেশের বুলি’ শিরোনামে। মীর সাব্বির বলেন, ‘একটা ছোট্ট বিষয়কে হঠাৎ করে বড় করার চেষ্টা করা হয়েছে। আমি যেটা বলেছি সেটা তাৎক্ষণিক এবং এর পেছনে কোন উদ্দেশ্য ছিল না। কাউকে হেয় করার জন্য কিছু বলি নাই। সেটা নিশ্চয়ই সকলেই (যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন)’।
তিনি আরও জানান, উপস্থাপিকা যে আমার ছোট বোনের মত। সে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দুঃখ প্রকাশ করতেই পারি। সেটা নিয়ে এভাবে ফেসবুক কিংবা বিভিন্ন মাধ্যমে বক্তৃতা দিয়ে ছড়ানোর কিছু নাই। আমাকে বললেই পারত “দাদাভাই কিংবা ভাইয়া আপনাকে আমি রেসপেক্ট করি। আপনার কথায় আমি কষ্ট পেয়েছি। আমি তখন হয়তো বলতাম ‘সরি তুমি কষ্ট পেও না। আমি তোমাকে কষ্ট দেয়ার জন্য কথাটা বলিনি’। কারণ তুমি আমার শব্দের মানে বুঝতে পারোনি। বিষয়টা শেষ হয়ে যেত’।
এসময় তিনি উপস্থাপিকা ইসরাত পায়েলকে উদ্দেশ্য করে আরও জানান, ‘মন খারাপ না করে আমি আশা করছি, সকলের মতো আমার এই ছোট বোনটিরও আমার সম্পর্কে ধারণা এবং আমার বরিশালের আঞ্চলিক ভাষার ক্ষেত্রে (শব্দের মানে না বোঝার কারণে) যত অভিমান আছে সেটা ভুলে গিয়ে পুরো বিষয়টা পরিষ্কার হবে’।
এসময় সাব্বির তার ভক্তদের উদ্দেশ্যে লেখেন, ‘তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যেভাবে আমার পাশে সবাই আছেন, আমাকে ভালোবাসেন.. আমার শিল্প কর্মের প্রতি অগাধ বিশ্বাস যাদের আছে তারা আমার মাথার তাজ হয়ে থাকবেন আমরণ’।
বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নেরও জবাব দিয়েছেন মীর সাব্বির। ‘মাতারি’ ও ‘উদ্লা’ শব্দের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘মাতারি শব্দের অর্থ নারী। আমাদের অঞ্চলে (বরিশাল) এই শব্দ দিয়ে বিবাহিত/অবিবাহিত সব নারীকেই বোঝায়। এটি একটি প্রচলিত মৌখিক শব্দ, এতে নারীকে হেয় বা তাচ্ছিল্য করার কিছু নেই।
‘আর উদ্লা আমরা নানা ক্ষেত্রে ব্যবহার করি। অনেকে একে খালি গা বা খোলামেলা অবস্থা হিসেবে মনে করেছেন। তবে আমাদের অঞ্চলে নানান অর্থে উদ্লা শব্দটির ব্যবহার আছে। আমি সেদিন আকর্ষণীয় অর্থে শব্দটি ব্যবহার করেছি। আমার ইনার ফিলিংস থেকে শব্দটি বলেছি।’
