Home জাতীয় সাক্ষ্য দিতে আদালতে সজীব ওয়াজেদ জয়

সাক্ষ্য দিতে আদালতে সজীব ওয়াজেদ জয়

0
114

অপহরণের মাধ্যমে হত্যাচেষ্টা ষড়যন্ত্র মামলায় সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রোববার (১৩ নভেম্বর) দুপুর ৩টা ২০ মিনিটে সিএমএম আদালতে এসে পৌঁছান তিনি।

বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালতে এ মামলায় সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে তার। এ মামলায় বিচার শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৫ জন সাক্ষীর মধ্যে ৯ জন সাক্ষ্য দিয়েছেন।

এদিকে জয়ের আদালতে উপস্থিত হওয়া উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ঢাকার সিএমএম আদালতে।

সংশ্লিষ্ট মামলা ও রাষ্ট্রপক্ষ ছাড়া সব আইনজীবী ও গণমাধ্যমকর্মীকে এরইমধ্যে সংশ্লিষ্ট এজলাস থেকে বের করে দেওয়া হয়েছে।

শুনানি শেষে গণমাধ্যমকর্মীদের জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক কাজী নজিব উল্লাহ হিরু।

মামলার আসামিরা হলেন— দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক শফিক রেহমান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।

২০১৫ সালের ৩ আগস্ট পল্টন মডেল থানায় মামলাটি করেছিলেন ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান। এই মামলায় ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে যেকোনও সময় বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার একত্রিত হয়ে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here