শরীফুল রাজ-পরীমনি দম্পতি আসবেন, তাই মওলানা ভাসানি স্টেডিয়ামের প্রবেশমুখে আগের চেয়ে ভিড় একটু বেশিই ছিল। ঘণ্টা কয়েক মাঠে বসে খেলা দেখলেন সময়ের আলোচিত অভিনেতা-নেত্রী। দর্শকদের নিয়ে খেলার বিরতিতে নিজেরাও স্টিক দিয়ে খেললেন।
হকি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রসার ঘটাতে বিনোদন জগতের তারকাদের মাঠে নিয়ে আসছেন আয়োজকরা। হাওয়া ছবির নায়িকা নাজিফা তুষির পর এবার মওলানা ভাসানি হকি মাঠ মাতিয়েছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক শরীফুল রাজ ও নায়িকা পরীমনি দম্পতি।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে ম্যাচের বিরতির সময় পরীমনি আর রাজ হকিস্টিক হাতে মাঠে নামেন। এদিন মাঠে নেমেই গোল দিয়েছেন নায়িকা। এ সময় আয়োজকরা খালি পোস্টে তাকে গোল করার সুযোগ করে দেন। প্রাপ্ত সুযোগটি ভালোভাবেই কাজে লাগিয়েছেন পরী। পোস্টে দুটি বল মেরে একটিকে গোলে রূপান্তর করেন তিনি। গোলটি করে উল্লাসেও ফেটে পড়েন বড় পর্দার এই তারকা।

অন্যদিকে পরীর স্বামী অভিনেতা শরিফুল রাজও নেন দুটি শর্ট। তবে তিনি যেন নায়িকা স্ত্রীকে জেতাতেই খেলেছিলেন! রাজ পরীর চেয়ে আরও দূরত্বে গিয়ে শর্ট নেন। দুবার বল মারলেও লক্ষ ভেদ করতে পারেননি ‘পরাণ’ খ্যাত এই অভিনেতা। ফলে পরীর কালে ১-০ গোলে হেরে যান রাজ! স্ত্রীকে জিতিয়ে তার এই পরাজয়েও ছিলো জয়ের হাসি।
শেষে তাঁরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে আসেন স্টেডিয়ামের তৃতীয় তলার ভিআইপি বক্সে। উচ্ছ্বাস প্রকাশ করে পরীমণি বলেছেন, ‘বিষয়টি এক্সসাইটেড। বাসা থেকে এটা কাজ করছিল। এখানে এত লোকের ক্রাউড আসলে ভালো লাগছে। আমারও হকিকে ঘিরে বড় প্রত্যাশা।’
তিনি বলেন, ‘যখন থেকে ঠিক হলো হকি মাঠে যাব, তখন থেকেই একট রোমাঞ্চ কাজ করছিল মনে। মাঠে আসার পর এত মানুষের সাড়া দেখে অভিভূত হয়েছি। খুবই ভালো লাগছে আমার।’
শরীফুলের অনুভূতিও ছিল একই। সঙ্গে হকি নিয়েও কথা বলেন বাংলা সিনেমার সময়ের আলোচিত এই নায়ক। জানান, বাংলাদেশের হকি নিয়ে নিজের প্রত্যাশাও, ‘আশি-নব্বই দশকের বাংলাদেশের হকি যে জায়গায় ছিল, আশা করি এই চ্যাম্পিয়নস ট্রফির মাধ্যমে বাংলাদেশের হকি আরও এগোবে। বাংলাদেশের হকিকে আমি আরও বড় জায়গায়, বিশ্ব মঞ্চে দেখতে চাই।’
