আমেরিকার নিউ ইয়র্ক শহরের ব্যস্ত রাস্তায় ঝিরিঝিরি বৃষ্টিতে এক তরুণীর নাচের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল। যার নাম মোহনা মীম, যিনি অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী।
‘চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন-এক’ বিজয়ী মোহনা মীম। ইতিমধ্যে তার সিনেমায় অভিষেক হয়েছে। ২০১৫ সালে ‘লালচর’ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন তিনি। বেশ কিছু একক নাটক ও টেলিছবিতেও কাজ করেছেন। পাশাপাশি ভারতের বাংলা ভাষার চ্যানেল স্টার জলসার খুবই পরিচিত মুখ তিনি।
আজ বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে রাজধানীরতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এই অভিনেত্রী। রাইড শেয়ারিং মোটরসাইকেলে ধানমণ্ডি থেকে নিকেতনে যাওয়ার পথে খামারবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
মোহনা মীমের দাবি, তাঁকে একটি গাড়ি থেকে ক্রমাগত উত্ত্যক্ত করা হচ্ছিল, গালিও ছুড়ে দেওয়া হচ্ছিল। এক পর্যায়ে খামারবাড়ি মোড়ে তিনি যে বাইকে যাচ্ছিলেন, সেটিতে আঘাত করা হয়। একটুর জন্য প্রাণে বেঁচে গেলেও হাতে আঘাত পেয়েছেন বলে জানালেন অভিনেত্রী।
বৃহস্পতিবার বিকেলে মোহনা একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘আজ দুপুর পৌনে ৩টার ঘটনা। আমি ধানমণ্ডি থেকে নিকেতন যাচ্ছিলাম। একটি গাড়ি আমাকে অনুসরণ করছিল আর মাতালের মতো এলোমেলো চালাচ্ছিল। ওই গাড়িতে পুলিশের স্টিকার লাগানো ছিল। কিন্তু সেখানে কয়েকজন তরুণ ছিল, যারা মোটেও পুলিশের কেউ নয় বলেই আমার ধারণা। গাড়িতে উচ্চ স্বরে বাজছিল দুর্বোধ্য ভাষার গান। জানালা খুলে আমাকে নানাভাবে ইঙ্গিত করা হচ্ছিল, একসময় গাড়ি থেকে গালিও ছুড়ে দেওয়া হয় আমার উদ্দেশে। ’
মোহনা বলেন, ‘গাড়ি খামারবাড়ি মোরে পৌঁছার সময় আমাদের বাইকটিকে আঘাত করা হয়। আঘাত করে উল্টো তারাই আবার আমাকে খারাপ ভাষায় আক্রমণ করছিল। আমি বাধ্য হয়ে ইট তুলে নিয়েছিলাম। পরে সরি বলে চলে গিয়েছে গাড়িটা। আমার প্রশ্ন হলো, রাস্তায় এভাবে গাড়ি নিয়ে মাতালের মতো এলোমেলো চালানো, কোনো মেয়ে দেখলে তাকে টার্গেট করা কেন? আমাকে সহযোগিতা করার জন্য কেউ এগিয়ে আসেনি, ঢাকার রাস্তায় কেন নিজেকে এতটা অসহায় লাগল? এসব প্রশ্নের উত্তর নেই। যা হোক, আজকের মতো বেঁচে ফিরেছি। এখনো আমার হাত কাঁপছে।’
