মনগড়া খবরে পাত্তা দেওয়ার কিছু নেই: মাশরাফি

বাংলাদেশের ‘শীর্ষ ধনী’ ক্রিকেটারের একটি তালিকা ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্র্যাকারে প্রকাশিত হয় তালিকাটি। আর এর ভিত্তিতে বাংলাদেশের কিছু সংবাদমাধ্যমও প্রকাশ করেছে প্রতিবেদন।

এসব প্রতিবেদনে দাবি করা হয়েছে দেশের শীর্ষ ধনী ক্রিকেটার হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা। তার সম্পদের মূল্যমান ৫১০ কোটি টাকা।

মাশরাফির পরে ৪০৭ কোটি টাকা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। এই তালিকায় একে একে আছে মুশফিকুর রহিম, তামিম ইকবাল, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুমিনুল হকের নাম।

এই তালিকার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা চলছে মাশরাফি মোর্ত্তজাকে নিয়ে। ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে মাত্র ৪ বছরের ব্যবধানে ৯ কোটি ১৫ লাখ টাকা থেকে ৫১০ কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন মাশরাফি।

যদিও আলোচনা ডালপালা মেলতেই ‘ক্রিকট্রেকার’ সেই খবর প্রকাশের কিছুক্ষণ পরেই তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে। যার ফলে এখন আর সেই খবরটি খুঁজে পাওয়া যাচ্ছে না।

এদিকে খবরটি প্রকাশ হওয়ার পর মাশরাফি তার সম্পদ নিয়ে করা প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় মাশরাফি প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দিয়েছেন।

মাশরাফি লিখেছেন, ‘ভিনদেশি কোনো হাবিজাবি সস্তা ওয়েবসাইট বা ফেসবুক পেজ তাদের মনগড়া যা ইচ্ছা লিখতেই পারে। সেসবকে পাত্তা দেওয়ার কিছু নেই। কিন্তু তাদেরকে সূত্র ধরে নিয়ে যখন আমাদের দেশের নানা ওয়েবসাইট যা ইচ্ছা তাই লিখে দেয়, তখন দুঃখ লাগে বটে!’

‘দেশের একজন মানুষকে নিয়ে লেখা হচ্ছে, আপনারা চাইলেই তো খোঁজ-খবর নিতে পারেন। তা না করে উল্টো তাদের উদ্ভট নিউজের সূত্র ধরে আপনারা নিউজ করছেন। সাংবাদিকতার নীতি-নৈতিকতার ন্যূনতম চর্চা নাহয় করলেন না, অন্তত নিজেদের এতটা সস্তা হিসেবে তুলে ধরতেও তো বিবেকে নাড়া দেওয়া উচিত!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *