মধ্য কার্তিকেই তাপমাত্রা নামতে শুরু করেছে। আসছে শীত। ইতিমধ্যে কুয়াশা পড়তে শুরু করেছে। সকালের আকাশ অনেকটাই ঘোলাটে থাকে। শেষরাতের দিকে অথবা প্রভাতবেলায় শিরশিরে ঠান্ডার অনুভূতি। শেষরাতে একটা কিছু গায়ে না জড়িয়ে আরামে ঘুমানো যাচ্ছে না।
রাজধানী ঢাকাতেই এমন অবস্থা। শীত যে পড়ছে তা রাজধানী ঢাকার ফুটপাতের গরম কাপড়ের দোকান দেখলেই বোঝা যায়। সেখানে বাহারি রঙের এবং বিভিন্ন ডিজাইনের নতুন ও পুরোনো গরম কাপড় বিক্রি হচ্ছে।
দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ঠান্ডা অনুভূতি একটু বেশি। বেশি শীত পঞ্চগড় জেলায়। ইতিমধ্যে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। গতকাল ছিল ১৭ ডিগ্রি। এক দিনে এক ডিগ্রি কমেছে।
নীল আকাশে সাদা মেঘের ভেলা ভাসিয়ে শরৎ বিদায় নিয়েছে এই কদিন আগেই। শিশির বিন্দুতে সাদা কাশফুলের রংও এখন হয়ে উঠেছে ধূসর। এরই মধ্যে মিলছে শীতের আগমনি বার্তা। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর থেকে ক্রমেই নামছে পারদ। কমে গেছে অসহ্য গরম। ভোরে ও সন্ধ্যায় হালকা কুয়াশার চাদরে ঢাকা পড়ছে গ্রাম ও শহুরে প্রকৃতি। শেষ রাতের হিমেল পরশ আর সকালের নরম রোদের আবেশ জানান দিচ্ছে—হেমন্তের হাত ধরেই ক্রমশ আসছে শীত। এমন অসময়ে শীত নামেনি যেন অনেক বছর।
আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গত ২৪ ঘণ্টায় দেশ বৃষ্টি শূন্য ছিল। হেমন্তের এই আবহাওয়ায় প্রতিদিনই কমছে দেশের তাপমাত্রা। গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬.১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ জানান, মৌসুমি বায়ু বিদায় নেওয়ার কারণে উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া আসতে শুরু করে। এই হাওয়াকে ঠেকানোর জন্য দক্ষিণ-পশ্চিম দিক থেকে কোনো বিপরীত বায়ু প্রবল থাকে না। আবার এ সময় আকাশের ওপর দিয়ে বয়ে যাওয়া জেটস্ট্রিম অনেকটা নিচে নেমে আসে। এ বায়ু খুবই ঠান্ডা। জেটস্ট্রিমের ঠান্ডা বায়ু যত নিচে নামবে আমাদের দেশে তত বেশি শীত পড়বে। তাছাড়া পৃথিবীর আবর্তনের কারণে শীতকালে সূর্য উত্তর গোলার্ধ থেকে অনেক দূরে সরে যায়। ঠিক বিপরীত দিকে দক্ষিণ গোলার্ধের কাছে থাকে সূর্য। সে কারণে উত্তর গোলার্ধের দেশগুলো দিনের বেলা যে তাপ পায় তা সন্ধ্যা নামার পরপরই ঠান্ডা হয়ে যায়। রাত যত বাড়তে থাকে ঠান্ডা তত বাড়ে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আগামী ৪-৫ নভেম্বর পর্যন্ত সারা দেশের তাপমাত্রা এমনই থাকতে পারে। এরপর দক্ষিণাঞ্চলের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
