চিরকুমারদের সংগঠন ‘চিকু সংঘ’। যে দলের অন্যতম সদস্য আবার সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবনের মতো অভিনেতারা! যারা এবার নামছেন মাঠে। চালাবেন নানাবিধ কর্মসূচি।
সেই কার্যক্রম ধারাবাহিকভাবে সম্প্রচার করতে যাচ্ছে বেসরকারি টিভি চ্যানেল এনটিভি!
মূলত এটি কোনও বাস্তব ঘটনা নয়। তবে এমনই এক গল্পে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘চিরকুমার-চিকু সংঘ’। গোলাম রাব্বানীর রচনায় এটি নির্মাণ করছেন তুহিন হোসেন।
এই নাটকে সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল ও শরাফ আহমেদ জীবনকে ৩টি ভিন্ন লুকে দেখা যাবে বলে জানিয়েছেন নাটকের পরিচালক।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- ফারিয়া শাহরিন, আরশ খান, বাপ্পী আশরাফ, নাইমা আলম মাহা, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদারসহ অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, প্রতিটি মানুষই মনে মনে চিরকুমার, কেউ স্বীকার করে, কেউ করে না। এই দর্শন সবার মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে চিরকুমারদের সংগঠন চিকু সংঘ। চিরকুমারদের জীবনের মজার মজার সব ঘটনা, ঘাত-প্রতিঘাতের গল্প নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিকটির গল্প।
আগামী ১ নভেম্বর থেকে নাটকটি প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে।
