টালিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জি। পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও তাদের প্রেমের গল্প সবার জানা। তারা নিজেরাও কখনো লুকোছাপা করেন না। সরাসরি একে-অপরকে ভালোবাসা নিবেদন করেন, একান্ত মুহূর্তগুলো তুলে ধরেন ভক্তদের কাছেও।
বনি-কৌশানির প্রেমের বয়স সাত বছর। এখনো তারা বিয়ে করেননি। যে কোনও সাক্ষাৎকারেই তাঁদের দেখলে সংবাদমাধ্যমের একটাই প্রশ্ন থাকে— ‘‘তা হলে কবে বিয়ে করছেন?’’ অথবা ‘‘সুখবরটা কবে পাচ্ছি?’’
তারকা জুটিদের থেকে এই প্রশ্নের সঠিক উত্তর আদায় করাও সাংবাদিকদের পক্ষে বেশ কঠিন কাজ। তবে মাঝে মাঝে ‘অঘটন’-ও ঘটে। এই যেমন নতুন ছবি ‘হাঙ্গামা ডট কম’-এর শুটিংয়ের ফাঁকে আনন্দবাজারের প্রতিনিধির দেখা হয় বনি সেনগুপ্তর সঙ্গে। সেখানেই নিজের বিয়ের পরিকল্পনা ফাঁস করলেন নায়ক।
বনির কথায়, ‘‘এত ছবি করছি, কারণ সংসার করতে হবে। বিয়ে করতে হবে।’’ তা হলে তারিখটা কবে? বনির উত্তর, ‘‘খুব দেরি হয়তো করব না৷ ২০২৪-এর প্রথমেই আশা করছি, বিয়েটা করে ফেলব।’’
না, যদিও এখনও তারিখ পাকা হয়নি৷ তবে টলিপাড়ায় যে আরও এক বিয়ের সানাই বাজতে চলেছে, তা এখন থেকেই আঁচ করা যায়।
