ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক ছাপিয়ে ফের স্বাভাবিক জীবনে ফিরছেন শাকিব খান। এরমধ্যে দুটি সিনেমার ঘোষণা দিলেও শুটিংয়ের বিষয়টি এখনও আসেনি। অনেকেই বলছেন, আপাতত গল্প-নির্মাতা-প্রযোজক ঠিক হলেও খান পড়েছেন নায়িকা সংকটে!
এমন পরিস্থিতিতে খানকে ঘিরে নতুন খবর পাঠালেন টিভি অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। জানালেন, তার ডাকে সাড়া দিয়েছেন খান! তবে এই সাড়া উর্মিলার নায়ক হিসেবে নয়, দুজনের এই মিলনের হেতু ‘গ্লোম্যাক্স’ নামের একটি বিউটি পার্লার। আরও দুই পার্টনার নিয়ে যেটি পরিচালনা করেন উর্মিলা কর। মূলত এই পার্লার উদ্বোধনের জন্যই সাড়া দিলেন শাকিব খান।
উর্মিলা জানান, গত এক বছর ধরে উইমেন্স ক্লাব নামে এই বিউটি পার্লার পরিচালনা করছিলেন তিনি। সেটির নাম পরিবর্তন করে নতুন কলেবরে হাজির হচ্ছেন ‘গ্লোম্যাক্স’ নিয়ে। ২১ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী ১১ নাম্বর রোডে অবস্থিত এই পার্লারটি উদ্বোধন করবেন শাকিব খান।
উর্মিলা বলেন, ‘শাকিব ভাই আমার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি আমাদের শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে আমার নিমন্ত্রণ গ্রহণ করেছেন।’
নাম পরিবর্তন প্রসঙ্গে উর্মিলার ভাষ্য, আসলে ‘উইমেন্স ক্লাব’ নাম থাকায় অনেকেই কনফিউজড হয়ে যেত। মনে করত এটা শুধুই মেয়েদের। কিন্তু এর লেজার সেকশন ছেলে ও মেয়ে উভয়ের জন্যই। যার ফলে নতুন নামে, নতুনভাবে ‘গ্লোম্যাক্স’-এর যাত্রা শুরু হচ্ছে।
উল্লেখ্য, উর্মিলা শ্রাবন্তী কর লাক্স তারকা থেকে অভিনয়ে আসেন। এখন তিনি অভিনয় শিল্পী সংঘের দায়িত্বশীল পদেও রয়েছেন। উর্মিলা মাকে নিয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসার জন্য গিয়েছেন।
