এবার জুটি বাঁধছেন ইমন ও মিথিলা

এবার শিশুতোষ চলচ্চিত্রে কাজ করবেন চিত্রনায়ক ইমন। ২০২০-২১ সালে সরকারি অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রটির নাম ‘নুলিয়াছড়ির পাহাড়’। এই সিনেমায় আগেই চুক্তিবদ্ধ হয়ে আছেন রাফিয়াথ রশীদ মিথিলা।

শাহরিয়ার কবিরের লেখা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ অবলম্বনে নির্মিত শিশুতোষ সিনেমাটি পরিচালনা করছেন লুবনা শারমিন। সহ-প্রযোজনায় আছেন মেঘলা ইসলাম। সিনেমায় আরও অভিনয় করছেন স্বপ্নিল, হিয়া, রাহিন, ইশরাতসহ অনেকেই।

এই সিনেমায় অভিনয় প্রসঙ্গে নায়ক ইমন বলেন, ‘এই প্রথম সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করছি। এটি শিশুতোষ চলচ্চিত্র। মেজর জাহিদ চরিত্রে অভিনয় করছি আমি।’

‘আগামী ২৮ অক্টোবর থেকে চট্টগ্রামে শুটিং করব সিনেমাটার,’ বলেন তিনি।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা লুবনা শারমিন বলেন, ‘এই ছবিতে মিথিলাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। ১ জুন তারিখ তিনি চলচ্চিত্রটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। প্রখ্যাত লেখক শাহরিয়ার কবিরের বিখ্যাত ছোটদের উপন্যাস থেকে সিনেমাটি নির্মিত হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *