ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ভিন্ন সব নাটকে আলাদা আলাদা চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন। নিজেকে সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন খুব দ্রুত।
মূলত মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ সিরিজে তাসনিয়া ফারিণের দুর্দান্ত অভিনয় থেকেই একাধিক তারকা-নির্মাতার নজরে পড়েন।
সম্প্রতি টলিউডের একটি ছবির কাজ শেষ করে এসেছেন তিনি। নিজের অভিনয় নিয়ে শুধু বাংলা ইন্ডাস্ট্রিতে নয়। বরং বিশ্ব বাজারে বড় বড় প্লাটফর্মে কাজ করতে চান তাসনিয়া ফারিণ।
নিজের অভিনয়ের প্রতি দৃঢ় আত্মবিশ্বাস থেকেই তিনি বললেন, ‘আমার ক্যারিয়ার নিয়ে খুব তাড়াহুড়ো নেই। আমি আমার পছন্দের কাজগুলো করতে চাই। তবে আমি অভিনয়টাকে প্রচণ্ড ভালবাসি। তা যে মাধ্যমেরই হোক।’
ফারিণ বলেন, ‘দেখুন এখন গ্লোবালি আমরা ফাইট দিয়ে কাজ করছি। যারা আজ আমার কাজটি দেখছেন তারা ঠিক একই সাথে বিশ্বের যে কোনো মানের, যে কোনো মাপের কাজটিও দেখছেন। সেদিক দিয়ে দর্শক আমরা মোটেই কম পাচ্ছি না। এটা বিশাল আশার ব্যাপার। তাই বাংলাদেশের একাধিক কন্টেন্ট এখন বিশ্বমানের। শুধু লোকাল প্লাটফর্ম নয়, বরং বিশ্বমানের সবকটি ওটিটিতে বাংলাদেশি কন্টেন্ট রাজত্ব করবে, সেদিন খুব বেশি দূরে নয়।’
