আমাকে নিয়ে সবাই ভাবছে, এটা দারুণ ব্যাপার: মাহি

পথচলায় কিছুটা পরিবর্তন এনেছেন সামিরা খান মাহি। শুরুটা যেমন ছিল, এখন আর তা নয়; বরং নিজেকে নতুনভাবে আবিষ্কারের ভাবনায় মত্ত হয়েছেন তরুণ এই অভিনেত্রী। যেটার ছাপ স্পষ্ট হয়ে ধরা দিয়েছে তার সাম্প্রতিক ওড়াউড়ি আর নিকট অতীতে প্রচার হওয়া বিভিন্ন নাটকে।

অনেক দিন ধরেই মিডিয়ায় গুঞ্জন বড় পর্দায় দেখা যেতে পারে ছোট পর্দায় দ্রুত আলো কাড়া এই অভিনেত্রীকে। মাঝে শোনা যায় শাকিব খানের নায়িকা হওয়ার দৌড়েও তার নাম আলোচনায় আসছে। গত কিছুদিন ধরে ‘নায়িকা’ ইস্যুতে আরও বেশি চর্চায় আছেন মাহি।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে সামিরা মাহি বলেন, ‘সত্য কথা বলতে গত কিছুদিন ধরেই সিনেমায় কাজের বিষয়ে কথা হচ্ছে। বর্তমানে কয়েকজনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ চলছে। এটা দারুণ ব্যাপার যে সবাই আমাকে নিয়ে ভাবছেন। বিষয়টি আমি বেশ উপভোগ করছি। তবে এখন পর্যন্ত কোনো প্রজেক্ট নিয়ে চূড়ান্ত কথা হয়নি। হলেই সবাই জানিয়ে দেবো।’

তিনি বলেন, “সম্প্রতি ‘পরাণ’, ‘হাওয়া’ সিনেমাগুলো জনপ্রিয় হওয়ায় এ নিয়ে আমার মধ্যেও ইতিবাচক ভাবনা এসেছে। গল্প, চরিত্র, নির্মাতাসহ আনুষাঙ্গিক সব কিছু যদি মন মতো হয় তবে কাজ করতে রাজি। একটা হলেও ভালো সিনেমা করতে চাই।”

সিনেমায় আসা নিয়ে মাহির ভাবনা পাকা; তাহলে কোন ধরনের প্রজেক্টে আগ্রহী তিনি? তার উত্তর, ‘একটু ভিন্ন ধাঁচের, অফট্র্যাকের সিনেমা হলে ভালো। প্রথম দিক থেকে আমি এ ধরনের কাজই করতে চেয়েছি। কিন্তু গল্প যদি আমাকে ছুঁতে পারে, তাহলে কমার্শিয়াল সিনেমাও করবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *