তারা শাকিব ভাইকে নিয়েও বাজে কথা বলছে: জায়েদ খান

কদিন আগেও দেশের বিনোদনপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন জায়েদ খান। শিল্পী সমিতির নির্বাচন কেন্দ্র করে মামলা, হামলা ও ঝামেলায় গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যমে চর্চিত নাম ছিল জায়েদ খান।

কিন্তু সেই জায়েদ খানের কোথাও দেখা মিলছে না। সিনেমার শুটিং, এফডিসি কিংবা চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠান, কোথাও তাকে দেখা যায় না। তবে কোথায় জায়েদ খান, এ নিয়ে শোবিজ অঙ্গনে আলোচনা হচ্ছে রীতিমতো।

শিল্পী সমিতির নির্বাচন ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন এফডিসিতে জায়েদ খানের পদচারণা ছিল চোখে পড়ার মতো। কিন্তু শিল্পী সমিতির নির্বাচনের পর বিজয়ী জায়েদ খানের পদের স্থিতবস্থা জারির পর থেকে এ অভিনেতা আর এফডিসিতে আসেন না।

খোঁজ নিয়ে জানা যায়, অভিনেতা জায়েদ খান তার নিজ এলাকা পিরোজপুরের মাছিমপুরে। ব্যক্তিগত কাজে বেশ কিছুদিন থেকেই তিনি সেখানে অবস্থান করছেন।

যোগাযোগ করা হলে একটি সংবাদমাধ্যমকে জায়েদ খান বলেন, বর্তমানে গ্রামে রয়েছি। বাবা মায়ের কবরস্থান ঠিকঠাক করাসহ কিছু কাজ ছিল সেগুলো করেছি। এছাড়া আমার একটি সংগঠনের মাধ্যমে বিভিন্ন এলাকায় সহস্রাধিক বনজ ও ফলদ গাছ বৃক্ষরোপণ করেছি।

একসময় আপনাকে প্রতিদিন এফডিসিতে দেখা গেলেও এখন তেমন দেখা যায় না। কারণ কী এবং কতদিন এফডিসিতে আসা হয় না?

জায়েদ খান বলেন, প্রায় ৩ মাস হয়ে গেছে এফডিসি যাওয়া হয় না। অনেকে মনে করে অন্য কারো ভয়ে হয়তো এফডিসিতে যাচ্ছি না। আসল কথা হচ্ছে এফডিসিতে এখন আর যাওয়ার পরিবেশ নেই। আমরা যে সুন্দর একটা পরিবেশের জন্ম দিয়েছিলাম সেটি এখন আর নেই। এখন সেখানে ইউটিউবারসহ অনেকেই এসে পরিবেশটা একেবারে নষ্ট করে দিয়েছে। কারা তাদের এখানে আসার সুযোগ দিয়েছে এটা এখন সবাই জানে।

আপনার নামে এইসব ইউটিউবার এফডিসিতে নিয়ে আসার অভিযোগ আছে? এমন প্রশ্নে জায়েদ খান বলেন, এটা কেউ প্রমাণ করতে পারবে না যে, আমি এইসব ইউটিউবারদের এফডিসিতে নিয়ে এসেছি। কী একটা বাজে পরিবেশ তৈরি হয়েছে বোঝাতে পারবো না। তারা যার-তার সম্পর্কে মন্তব্য, কথা বলে দিচ্ছেন। তারা শাকিব ভাইকে নিয়ে বাজে কথা বলতেও দ্বিধা করছেন না। তাদের আগে প্রতিহত করা জরুরি। কিন্তু এফডিসির কোনো সংগঠন সেটা করছে না। বিষয়টি দুঃখজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *