সেরা পুরস্কার জিতে মাকে ধন্যবাদ দিলেন নুহাশ হুমায়ূন

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন। এরইমধ্যে নির্মাতা হিসেবে বেশ আলোচনায় তিনি। তার ঝুলিতে যোগ হয়েছে কিছু আন্তর্জাতিক পুরস্কারও।

এবার ‘পেট কাটা ষ’ ওয়েব সিরিজ পরিচালনার জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন। এ পুরস্কার নেওয়ার সময় অনুষ্ঠানস্থলে তাঁর মা গুলতেকিন খাঁনও উপস্থিত ছিলেন।

সেরা পরিচালকের পুরস্কার জেতার প্রতিক্রিয়ায় নুহাশ হুমায়ূন বলেন, ‘এ বছর চার মহাদেশের জন্য চারটি কনটেন্ট বানিয়েছি। আমি বিদেশের জন্য যখন কনটেন্ট বানাই, পুরস্কারের আশা থেকে বানাই। দেশের জন্য যখন বানাই, তখন চাই এটা মানুষ দেখুক, ভাইরাল হোক। আমি তো ভেবেছিলাম, “পেট কাটা ষ” জনপ্রিয় হওয়ার পর নায়িকারা আমাকে মেসেজ পাঠাবেন। তার বদলে দর্শকেরা আমাকে মেসেজ পাঠিয়েছেন, “নানিকে জিনে ধরেছে”, সেটা নিয়ে “ষ”-এর সিকুয়েল বানাতে।

বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমার মাকে, তিনি ১৩ বছর বয়সে আমাকে ক্যামেরা কিনে দেন। তখন থেকে আমি শর্টফিল্ম বানানো শুরু করি। আজ আমার সামনে মা উপস্থিত আছেন, এটা আমার জন্য বিশেষ একটা ব্যাপার।’

শনিবার সন্ধ্যায় ‘চরকি কার্নিভ্যাল’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে চরকি পরিবার। ঢাকার ১০০ ফুটসংলগ্ন এলাকা মাদানী অ্যাভিনিউয়ের ইউনাইটেড সিটিতে শেফস টেবিলের কোর্ট সাইডে সন্ধ্যায় বসে এ আয়োজনের প্রথম আসর। সেখানেই ‘রূপকথার জগতে’ গানসংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *