বিশ্বের আর কোথাও বিয়ে-প্রেম নিয়ে এত কথা হয় না: শাকিব

বর্তমানে শোবিজে সবচেয়ে আলোচিত নাম শাকিব খান। নায়িকা বুবলীকে বিয়ে ও দুজনের সন্তান শেহজাদ খান বীরের বিষয়গুলো প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক মাধ্যমে তুমুল চর্চায় আছেন তিনি।

সঙ্গে উঠে আসছে তার সাবেক স্ত্রী নায়িকা অপু বিশ্বাস ও সন্তান আব্রাম খান জয়, নায়িকা পূজার চেরির সঙ্গে প্রেমের গুঞ্জনসহও আরও নানান বিষয়। ঠিক এমন সময়ে গণমাধ্যমকে নিজের ভেতরের কিছু কথা জানিয়েছেন ঢালিউড কিং।

এক সাক্ষাৎকারে শাকিবকে প্রশ্ন করা হয়, আপনি দুইবার বিয়ে ও সন্তানের কথা আড়ালে রাখতে চেয়েছেন। এর কারণ কী?

জবাবে তিনি বলেন, প্রতিটি মানুষের নিজস্ব কিছু ব্যাপার থাকে। তার বাইরে মানুষ যেতে পারে না। ভালোবাসা, বিয়ে মানুষের ব্যক্তিগত বিষয়গুলো কেন সবাইকে জানাতে হবে। এসব জানানো কি খুব জরুরি একজন মানুষের জন্য? সব বিষয় কেন সবার সামনে আনতে হবে।

সারা বিশ্বের আর কোথাও এমন হয় না। শুধু আমাদের এখানেই তারকাদের বিয়ে-প্রেম নিয়ে এত কথা হয়। আমার বিয়ে-সন্তান সবকিছুই আমি স্বীকার করেছি। জয়, বীর দুজনই আমার সন্তান। তাদের ঠিকমতো মানুষ করার দায়িত্ব আমারই।

আপনার গোপন বিয়ে নিয়ে কথা হচ্ছে চারদিকে। এ বিষয়ে কী বলবেন। শাকিব খান বলেন, যখন থেকে আমার সিনেমা দর্শকরা গ্রহণ করা শুরু করেছে তখন থেকেই আমার অভিনীত প্রতিটি সিনেমার নায়িকাদের সঙ্গে অনেকেই অহেতুক প্রেমের কথা ছড়িয়েছে। সবকিছু তো আর সত্য না। আমাকে নিয়ে মিথ্যা কথা ছড়াতে পারলে অনেকেই আনন্দিত হোন। আমার কোনো কিছু গোপন রাখিনি, সবই জানিয়েছি সময়মতো।

তিনি বলেন, মানুষ আমাকে নিয়ে অনেক কথা বলে, বলবে জানি। কিছু মানুষকে বিশ্বাস করে কাছে রেখেছিলাম, তারা আমার নামে বিভিন্নভাবে মিথ্যা কথা ছড়িয়ে বেড়াচ্ছে। এসব মিথ্যা কখনো টিকেনি, টিকবেও না। কারণ মিথ্যা বেশিদিন স্থায়ী হয় না। আর মিথ্যাবাদীদের অবস্থা খুব ভয়াবহ হয়, ইতিহাস সেটা বলে। যা সত্য সেটা আমি স্বীকার করেছি সবসময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *