শাকিব নয়, আরিয়ানের প্রথম ছবির নায়ক সিয়াম

বিমানবন্দরে পা রেখেই সুখবর দেওয়ার ঘোষণা দিয়েছিলেন শাকিব খান। এবার যেন তা বাস্তবে পরিণত হচ্ছে। সবমিলিয়ে একগুচ্ছ ছবিতে যুক্ত হয়েছেন তিনি। এই তালিকায় রয়েছে মিজানুর রহমান আরিয়ানের একটি সিনেমা। বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন শাকিব নিজেই।

‘বড় ছেলে’ নাটক নির্মাণ করে আলোড়ন তুলেছিলেন আরিয়ান। বর্তমানে ছোটপর্দা ও ওটিটি নির্মাতাদের মধ্যে অন্যতম তিনি। এবার বড়পর্দায় নামছেন তিনি। তবে জানা গেছে, তার প্রথম ছবির নায়ক সিয়াম আহমেদ, শাকিব দ্বিতীয় ছবির নায়ক হচ্ছেন।

শাকিব খানকে নিয়ে ছবি করবেন বলে জানালেও আরিয়ান বলেন, তাকে নিয়ে ছবিটি করার আগে আমি অন্য আরেকটি ছবি করবো। যেটি নিয়ে খুব শিগগিরই অফিসিয়ালি জানাবো। এর বেশি এখন কিছু বলতে চাইছি না।

‘আমেরিকা থেকে ফেরার পর শাকিব ভাই আমাকে ডেকে ছিলেন তার প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস থেকে ছবি করার জন্য। তার সঙ্গে বেশ কিছু গল্প নিয়ে কথা হয়েছে। কোনো কিছুই চূড়ান্ত নয়।’

প্রথমে যে ছবিটি করছেন তাতে কি শাকিব খান থাকছেন? প্রযোজনা সংস্থা কারা? ‘না, প্রথম ছবিটি শাকিব ভাইকে নিয়ে না। এটিতে অন্য কেউ থাকছেন’, — বলেন আরিয়ান।

পরিচালক না জানালেও বেশকিছু সূত্র থেকে সংবাদমাধ্যম নিশ্চিত হয়েছে ছবিটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। এর নায়ক হিসেবে থাকছেন সিয়াম আহমেদ। তার সঙ্গে অফিসিয়ালি চুক্তি এখনও স্বাক্ষর না হলেও তিনি চূড়ান্ত। নায়িকা হিসেবে এখনও কাউকে চূড়ান্ত করা হয়নি।

এ ব্যাপারে আরিয়ান শুধু বলেন, ‘সবকিছুরই অফিসিয়াল ঘোষণা আসবে। তখন বিস্তারিত জানতে পারবেন।’

উল্লেখ্য, তপু খানের পরিচালনায় ইতোমধ্যে ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামের একটি সিনেমায় কাজ করেছেন শাকিব। যেখানে তার নায়িকা বুবলী। সম্প্রতি তারা সিনেমাটির গানের শুটিংয়ে অংশ নিয়েছেন। বাকি দৃশ্যায়ন আগেই সম্পন্ন হয়ে গেছে। এই সিনেমার ডাবিং করতে গিয়ে কিছু দৃশ্য দেখেন শাকিব। নির্মাণশৈলী তার পছন্দ হয়, সেই সুবাদে তপুর সঙ্গে নতুন সিনেমার ব্যাপারে আলাপ করেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেছিলেন শাকিব খান। এরপর তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ। বিয়ে সংক্রান্ত তথ্য বুবলী প্রকাশ্যে আনলেও এ নিয়ে স্পষ্ট ভাষায় এখনও কিছু বলেননি শাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *