কিছুদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৭ নম্বর ফ্লোর থেকে অভিনেত্রী অরুণা বিশ্বাসের একটি হাত ব্যাগ হারানো যায়। ব্যাগটি ফিরে পেতে সেসময় আইনের আশ্রয় নেন তিনি। থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর প্রায় দুই মাসের মতো হয়ে গেলেও খোয়া যাওয়া ব্যাগটি আর ফিরে পাননি এই অভিনেত্রী।
বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ অরুণা। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘সাধারণ ডায়েরি করতে থানায় গিয়ে সময় নষ্ট করে লাভ নেই। কারণ, এর আগে গত ১৮ আগস্ট প্রকাশ্যে এফডিসি থেকে মূল্যবান জিনিসপত্রসহ আমার হাতব্যাগ হারিয়ে গেছে। ওই দিনই জিডি করেছি। প্রায় দুই মাস হতে চলল, কোনো সুরাহা হয়নি। ব্যাগ ফেরত পাইনি। এ কারণে সাধারণ ডায়েরির প্রতি মন উঠে গেছে।’
গত ১৮ আগস্ট একটি অনুষ্ঠানে যোগ দিতে এফডিসিতে গিয়েছিলেন অরুণা বিশ্বাস। সেখান থেকে ব্যাগটি খোয়া যায় তার। ব্যাগ হারিয়ে ভালোই বিপদে পড়েছিলেন তিনি। বাসার চাবি, আইফোন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ অতি প্রয়োজনীয় জিনিসপত্র ছিল ব্যাগে।
তখন অরুণা বিশ্বাস ফেসবুকে লিখেছিলেন, ‘আমার অভিজ্ঞতায় বলে, এফডিসির সিকিউরিটি গার্ডরা অবশ্যই জানে যে এফডিসির ভেতরে একটি সংঘবদ্ধ দল আছে, যারা চুরিগুলো করে। যদি সবাইকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, আমার বিশ্বাস কিছু একটা ক্লু অবশ্যই পাবে।’
