Home জাতীয় বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো: ওবায়দুল কাদের

বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো: ওবায়দুল কাদের

0
170

বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো আশাহীন ও অন্তঃসারশূন্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তার দফতরে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

বিদ্যুতের জাতীয় গ্রিডে ট্রিপ করা একটি টেকনিক্যাল বিষয়, যে কোনো সময় এমন ঘটতে পারে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশেও গ্রিড ট্রিপ করে। কিন্তু দেখার বিষয় হচ্ছে, কত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা যায়। গ্রিড বিপর্যয়ের পর গত মঙ্গলবার কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয় সরকার।

২০০৩ সালে বিএনপির শাসনামলে ন্যাশনাল গ্রিডে বিপর্যয় ঘটলে তা পুনরুদ্ধারে কয় দিন সময় লেগেছিল—বিএনপি মহাসচিবের উদ্দেশে এমন প্রশ্ন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি এও জানতে চান, ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন বিএনপির শাসনামলে বিদ্যুৎ ছিল না, সে ইতিহাস কি বিএনপির মনে আছে?

বিদ্যুৎ খাতে বিএনপি জাতিকে দীর্ঘমেয়াদি ‘অমানিশার আঁধার’ উপহার দিয়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি দুর্নীতির অভিযোগ করে, সরকারের অন্ধ সমালোচনা করে—অথচ বিদ্যুৎ খাতে বিভিন্ন প্রকল্পে দাতা সংস্থার অর্থায়নে থাকায় সরকারের পাশাপাশি দাতা সংস্থাও এ বিনিয়োগ নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখে। এতে অনিয়ম-দুর্নীতির সুযোগ নেই।

যারা অন্তরে যা ভাবেন, তা মুখে প্রকাশ পায় বলে মন্তব্য করে তিনি আরও বলেন, বিএনপির মুখে সব সময় অনিয়ম ও দুর্নীতির কথা শোভা পায়। বিএনপির কাজ হলো বাঁকা পথে চলা, অসত্য তথ্য ও বিভ্রান্তি ছড়ানো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here