মুখোমুখি মাহি ও পূজা চেরি

আগামীকাল ০৭ অক্টোবর মুক্তি পাচ্ছে দুই সিনেমা—মোস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বলো তারে’ ও ইস্পাহানি আরিফ জাহানের ‘হৃদিতা’।

মানিকের সিনেমায় আছেন আদর আজাদ, মাহিয়া মাহি ও শিপন মিত্র। আর ‘হৃদিতা’য় এ বি এম সুমনের সঙ্গে আছেন পূজা চেরি। এ দুই সিনেমা নিয়ে বড় পর্দায় মুখোমুখি অবস্থানে মাহি ও পূজা।

জানা গেছে, মাহি মা হতে চলেছেন। তাই নানা রুটিনের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাঁকে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে বললেন, ‘যদিও শারীরিক কারণে সবকিছুতে অ্যাটেন্ড করতে পারছি না। তবুও যতটুকু সম্ভব আমার পক্ষে, তার চেয়ে বেশি এ সিনেমার জন্য আমি করব।’

নির্মাতা মানিক এ সিনেমাকে বলছেন, ‘বিশুদ্ধ প্রেমের সিনেমা’। মাহি আছেন লাভলী চরিত্রে আর মজনু হয়েছেন আদর আজাদ। গল্প লিখেছেন আসাদ জামান। আগামীকাল দেশের ৩০টি হলে মুক্তি পাবে ‘যাও পাখি বলো তারে’।

অন্যদিকে ‘হৃদিতা’ নিয়ে মাহির প্রতিদ্বন্দ্বী পূজা চেরি। সিনেমাটি তৈরি হয়েছে আনিসুল হকের একই শিরোনামের উপন্যাস অবলম্বনে। এটিও প্রেমের গল্পের সিনেমা।

সরকারি অনুদান পাওয়া ‘হৃদিতা’ বানিয়েছেন যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান। এতে এ বি এম সুমনের নায়িকা হয়েছেন পূজা।

‘হৃদিতা’ নিয়ে পূজা বলেন, ‘এই প্রথম সাহিত্যনির্ভর সিনেমায় কাজ করেছি। তাও আবার জনপ্রিয় লেখক আনিসুল হকের গল্পে। চেষ্টা করেছি নিজের শতভাগ দিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলতে। এ সিনেমা দর্শকদের নিরাশ করবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *