দীর্ঘদিন পর নতুন করে চলচ্চিত্রে সুবাতাস বইতে শুরু করেছে। মাঝে করোনার কারণে অনেক দিন ঘরমুখী থাকায় দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার পুরনো অভ্যাসে ছেদ পড়েছিল। এমন অবস্থায় অনেক চড়াই-উতরাই পেরিয়ে ঢাকাই চলচ্চিত্র আবারও চেনা ছন্দে ফিরছে। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমা দর্শক গ্রহণ করেছে।
তারই ধারাবাহিকতায় আগামী ৭ অক্টোবর দেশজুড়ে ৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চিত্রনায়ক আদর আজাদ, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও শিপন মিত্র অভিনীত সিনেমা ‘যাও পাখি বলো তারে’।
ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। দেশজুড়ে মোট ৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
এ উপলক্ষে মঙ্গলবার (৪ অক্টোবর) রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সিনেমাটির শিল্পী-কলাকুশলী ও চলচ্চিত্রের গুণীজনরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সিনেমাটির পরিচালক মানিক বলেন, ‘বিশুদ্ধ প্রেমের সিনেমা এটি। অন্যরকম বন্ধুত্ব ও ভালোবাসার গল্প দেখবেন দর্শক। একজন দর্শকও যদি দেখে তার মন ছুঁয়ে যাবে।’
এতে মজনু চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ। তিনি বলেন, ‘যখন আমি এই সিনেমা নিয়ে চিন্তা করি তখনই আমার মজনুর কথা মনে পড়ে। এই সিনেমাটা নিয়ে আমি অনেক বেশি ইমোশনাল। আপনারা সকলে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি উপভোগ করবেন।’
নায়িকা মাহিয়া মাহি বলেন, ‘এ সিনেমাতে অনেকগুলো সুন্দর সংলাপ আছে। যেগুলো আপনাদের মনে দাগ কাটবে। আমার বিশ্বাস এটি আরেকটি পোড়ামন হবে।’
এই সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম।
