বাবা-মা হয়েছেন ঢাকাই সিনেমার তারকা জুটি শাকিব খান-বুবলী। আড়াই বছর আগে তাদের ঘর আলো করে এসেছে ছোট্ট রাজপুত্র শেহজাদ খান বীর। অবশেষে ছেলেকে প্রকাশ্যে এনেছেন তারা। পাশাপাশি শেহজাদের জন্য অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন তার বাবা-মা।
এদিকে প্রকাশ্যে এসেই তারকাবনে গেছেন বীর। সোশ্যাল মিডিয়ায়ও তার নামে একটি পেজ খোলা হয়েছে। সেখানে হু হু করে বাড়ছে লাইক-ফলোয়ার। ইতোমধ্যে পেজটিতে ফলোয়ার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে!
একমাত্র ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব বুবলী। প্রায়শই এখন ছেলের ছবি দিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে দেখা যাচ্ছে ‘বসগিরি’র এই নায়িকাকে!
মঙ্গলবার রাতেও নিজের পেজ থেকে কয়েকটি ছবি পোস্ট করেন বুবলী। আমেরিকা অবস্থানকালে তোলা সেই ছবিগুলো শেয়ার করে বুবলী লিখেছেন, ‘মাই এঞ্জেল, মাই ব্রেথ’! ছবি পোস্টের মিনিট বিশেকের মধ্যেই নেটিজেনদের কাছে রীতিমত সাড়া ফেলেছে!
এরআগে সোমবার (৩ অক্টোবর) শাকিবের সঙ্গে কবে হলো বিয়ে, সেটাও নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানিয়েছেন চিত্রনায়িকা বুবলী। সোমবার সন্ধ্যায় এই নায়িকা শাকিবের সঙ্গে কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করে তাদের বিয়ের তারিখ জানান। সেই সঙ্গে একমাত্র ছেলে শেহজাদ খানের জন্ম তারিখটিও জানান।
বুবলী লিখেন, এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ। ২০ জুলাই ২০১৮, এটি আমাদের বিয়ের তারিখ। আর ২১ মার্চ ২০২০ আমার ছেলের জন্ম তারিখ।
বিয়ের খবরের সঙ্গে পোস্ট করা স্থিরচিত্রগুলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে তোলা বলেও জানান বুবলী। সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।
