আশির দশকের সাড়া জাগানো গান ‘পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়’ গানটির কথা অনেকের মনে আছে হয়তো। নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমার গান এটি। শাকিলা জাফর ও তপন চৌধুরী গাওয়া গানটিতে সে সময় ঠোঁট মিলিয়েছিলেন নায়করাজের ছেলে বাপ্পারাজ ও চিত্রনায়িকা রঞ্জিতা।
বাপ্পারাজের সেই নায়িকা গত কয়েকদিন ধরে প্যারালাইজড হয়ে হাসপাতালের বিছানায় পড়ে আছেন। স্ট্রোক করায় তার বাঁ হাত ও বাঁ পা অবশ হয়ে গেছে। বর্তমানে ভর্তি আছেন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে। আর তাকে দেখতে রোববার হাসপাতালে ছুটে যান চিত্রনায়িকা শাহনূর। দেশবাসীর কাছে রঞ্জিতার জন্য দোয়া চেয়ে তিনি।
শাহনূর বলেন, ‘আমাদের চলচ্চিত্রের সবার প্রিয় নায়িকা রঞ্জিতা আপু, তিনি ব্রেন স্ট্রোক করেন এবং তার বাম সাইড প্যারালাইজড হয়ে গেছে। আপনারা সবাই আপুর জন্য দোয়া করবেন, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন।’
তিনি আরও বলেন, ‘আপুর শরীরের অবস্থা খুব একটা ভালো না। তার চিকিৎসার খরচ বহন করার মতোও কোনো সামর্থ্য নেই। আমি সবাইকে আহ্বান করব তার পাশে দাঁড়ানোর জন্য।’
রঞ্জিতার ভাষ্য, ‘আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আমি বাঁচতে চাই। আমাকে সাহায্য করুন। এই শহরে আমার থাকার ব্যবস্থা নেই। উপার্জনের পথও নেই। আর আমার চিকিৎসার খরচও নাকি অনেক ব্যয়বহুল। তাই মমতাময়ী প্রধানমন্ত্রী সাহায্য ছাড়া আমি আর কিছু ভাবতে পারছি না।’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছেও সহযোগিতার আহ্বান জানান এই চিত্রনায়িকা।
