এবার শাকিব খানকে নিয়ে মাঠে নামছেন রায়হান রাফী

সময়ের সেরা নির্মাতা রায়হান রাফি৷ ‘পরাণ’ দিয়ে দেশ বিদেশের দর্শক মাতিয়েছেন তিনি। এবার দিলেন বড় চমক। চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি।

আজ মঙ্গলবার (৪ অক্টোবর) নিজেই সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করলেন রাফি।

তিনি জানান, আমার প্রথম সিনেমা মুক্তির পর থেকেই শাকিব খান ভক্তদের এবং আমার ভক্তদের- সবারই অনুরোধ ছিল, আমি যেন শাকিব ভাইয়াকে নিয়ে সিনেমা বানাই। আমার নিজেরও অনেক ইচ্ছে ছিল। কিন্তু এমন কোন গল্পে আমরা পৌঁছাতে পারছিলাম না, যে গল্পে আমাদের দুজনেরই বিশ্বাস ছিল।

অবশেষে আমার এবং আমাদের সিনেমাপ্রেমী দর্শকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বাংলাদেশি সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে পরিচালক রায়হান রাফীর কোলাবোরেশন আসছে খুব শিগগিরই।

“দামাল” এর পর আমার সবচেয়ে বড় ভেঞ্চার নির্মিত হতে যাচ্ছে এস কে ফিল্মসের সাথে। আমার এই সিনেমার প্রযোজক হিসেবে আছেন টপি খান ও মনিরুজ্জামান।

তবে এই সিনেমায় নায়িকা কে হচ্ছেন তা চমক হিসাবেই রাখতে চান পরাণ-এর নির্মাতা।

জানা যায়, ‘দামাল’ মুক্তির পর নভেম্বরের শেষে শাকিব খানকে নিয়ে শুটিংয়ে নামবেন রায়হান রাফী। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে। সিনেমার নাম ও নায়িকা দুটোই শুটিংয়ে আগে প্রকাশ্যে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *