গত এক সপ্তাহ ধরে ‘টক অব দ্য কান্ট্রি’ শাকিব খান ও শবনম বুবলীর প্রেম, বিয়ে এবং সন্তানের ইস্যু। ঢাকাই সিনেমার আলোচিত এই জুটি নিয়ে মেতেছে গোটা দেশ। গণমাধ্যম থেকে সাধারণ দর্শক সবার আগ্রহের কেন্দ্রবিন্দু শাকিব-বুবলীর ইস্যু।
গত ২৭ সেপ্টেম্বর বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা’। ঘটনার সূত্র এখান থেকেই। ওই দিন আবার শাকিব-অপুর একমাত্র সন্তান আব্রাম খান জয়ের জন্মদিন।
দুই দিন পর ৩০ সেপ্টেম্বর আবার বুবলীর পোস্টেই রহস্য উন্মোচিত হয়। সেদিন বেলা ১২টা নাগাদ ফেসবুকে সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে পোস্ট করেন এই নায়িকা। যেখানে তিনি উল্লেখ করেন বীর তার ও শাকিবের সন্তান। কিছু সময় পর একই ভাবে নিজের সঙ্গে বীরের একটি ছবি শেয়ার করেন শাকিব। দেশের অন্যতম জনপ্রিয় এই নায়কও শেহজাদ খান বীরকে বুবলী এবং নিজের সন্তান বলেন স্বীকার করেন।
এতে দর্শকদের আগ্রহ আরও বাড়তে থাকে এই জুটির প্রতি। এমন সময় আবার শাকিবের সঙ্গে তরুণ নায়িকা পূজা চেরির প্রেমের গুঞ্জন ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টালে শাকিব-পূজাকে জড়িয়ে শোনা যায় নানা কথা। যদিও বিষয়টির সত্যতা পাওয়া যায়নি। কিন্তু মুখরোচক এমন গুঞ্জনে শাকিবের সঙ্গে সিনেমার কাজ হারাতে শুরু করেছেন পূজা।
বিশ্বস্ত একটি সূত্র বলছেন, বুবলী কাণ্ডে শাকিব খান কিছুটা বেকায়দায় পড়েছেন। অনেকটা অস্বস্তিতে ভুগছেন দেশের এই শীর্ষ তারকা। এর মধ্যেই পূজাকে নিয়ে নিত্য তৈরি হচ্ছে মুখরোচক খবর। এই মুহূর্তে পূজার সঙ্গে কোনো কাজই করতে নারাজ শাকিব খান। যে কারণেই আমেরিকায় ঢালিউড অ্যাওয়ার্ডে পূজা অংশ নিলেও শাকিব খান অংশ নিচ্ছে না।
এমনকি শাকিব খানের ‘মায়া’ সিনেমায় পূজাকে নেওয়ার কথা থাকলেও সেটি থেকে বাদ পড়ছেন পূজা। নতুন কোনো নায়িকা খুঁজছেন শাকিব খান। পূজাকে আপাতত এড়িয়ে চলতে চান তিনি।
সূত্রের কথা সঙ্গে মিলে যায় পূজার ভাষ্যও। পূজা বলছেন, ‘মায়া সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হননি। এটি এখনো কনফার্ম নয়।’ অথচ এর আগে পূজা নিজেই বিভিন্ন সংবাদমাধ্যমে ‘মায়া’ সিনেমায় শাকিবের সঙ্গে জুঁটি বাঁধতে যাওয়ার কথা জানিয়েছিলেন।
অন্য একটি সূত্র বলছেন, পূজার সঙ্গে শাকিবের দূরত্ব তৈরি হয়নি। তাদের সর্ম্পক আগের মতোই আছে। শাকিব খান এই মুহূর্তে পূজাকে সামনে আনতে চাচ্ছেন না।
