কথা ছিল নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’-এর মঞ্চ মাতাবেন সুপারস্টার শাকিব খান। এরজন্য অক্টোবরে ফের মার্কিন মুলুকে উড়াল দেবেন তিনি।
এ খবরে যখন আশাহত তার ভক্তবৃন্দ ঠিক তখন জানা গেল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না এ নায়ক। হঠাৎ সিদ্ধান্ত বদল করেছেন কিং খান। সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন শাকিবের ঘনিষ্ঠ এক সূত্র।
সূত্রটি জানায়, শিগগিরই নতুন ছবির কাজে ব্যস্ত হয়ে পড়বেন শাকিব। তাই এরইমধ্যে ওই আয়োজকদের জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন ইমন। শাকিব অনুষ্ঠানটিতে যোগ দিতে আমেরিকা যাচ্ছেন না বলে জানিয়েছেন তিনিও।
ইমন বলেন, ‘শাকিব ভাইয়া যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না। তিনি আমাকে জানিয়েছেন এবার যুক্তরাষ্ট্রে যাবেন না। যতদূর জানি, উনি নতুন ছবির কাজ শুরু করবেন। সেই কারণে ব্যস্ত হয়ে পড়েছেন। তাই এবার তার যাওয়া হচ্ছে না। গতবার যুক্তরাষ্ট্রে শাকিব ভাইয়ের বাসায় তিনদিন একসঙ্গে ছিলাম। গল্প-আড্ডায় দুই ভাই দারুণ সময় কাটিয়েছিলাম। ভাইয়াকে আমি এবার খুব মিস করব।’
গেল বছর একটি অনুষ্ঠানে যোগ দিতে সাদাদের দেশে যান শাকিব। এরপর ফিরতে চেয়েও শিগগির ফেরা হয়নি তার। দীর্ঘ নয়মাস মার্কিন মুলুকে কাটিয়ে দেশে ফেরেন তিনি। ফেরার সময় নিয়ে আসেন দেশটিতে স্থায়ীভাবে থাকার ছাড়পত্র।
